২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ১৫ অগাস্ট সকাল ৬টা পর্যন্ত: জামায়াত

হরতাল সংক্ষিপ্ত করার খবরটি উড়িয়ে দিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী ১৫ অগাস্ট সকাল ৬টা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 10:58 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি একথা বলেন। এর আগে কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, হরতাল কমিয়ে ৩৬ ঘণ্টা করেছে জামায়াত।

বিবৃতিতে রফিকুল বলেন, “দু-একটি মিডিয়ায় হরতাল ১২ ঘণ্টা কমানোর যে তথ্য পরিবেশিত হচ্ছে, তা সঠিক নয়। হরতাল ৪৮ ঘণ্টা বহাল আছে। সেই হিসাবে ১৫ অগাস্ট ভোর ৬টা পর্যন্ত হরতাল অব্যাহত থাকবে।”

দলের নিবন্ধন বাতিল করে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ১৩ ও ১৪ অগাস্ট টানা হরতাল করছে জামায়াত।

নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিলে করে গত ১ অগাস্ট রায় দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে দলটি। তখন ১২ ও ১৩ অগাস্ট হরতালের দিন ঠিক করলেও, পরে তা পিছিয়ে ১৩ ও ১৪ অগাস্ট করা হয়।

ঈদের ছুটির পরপরই জামায়াতের দুদিনের ডাকা হরতালের প্রথম দিন বিক্ষিপ্ত বোমাবাজি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে।

হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া আর সব ধরনের গাড়িই চলেছে, ট্রেন-লঞ্চ-বিমান চলাচলও ছিল স্বাভাবিক।

হরতালে দেশবাসীর স্বতস্ফূর্ত সাড়া মিলেছে দাবি করে রফিকুল ইসলাম সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, “সরকারের অত্যাচার-নির্যাতন ও গ্রেপ্তার অভিযান উপেক্ষা করে জনগণ আজ স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করে ক্ষমতাসীন জুলুমবাজ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। দেশের জনগণ ক্ষমতাসীন জুলুমবাজ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।”

হরতালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির তসলিম উদ্দিন ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহানসহ সারা দেশে প্রায় দুইশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে জামায়াত। তাদের মুক্তি দিতেও সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

হরতালে পুলিশ ও সরকার সমর্থকদের হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে বলেও রফিকুল দাবি করেন।