লক্ষ্য নাগরিকের উন্নত জীবন: প্রধানমন্ত্রী
দেশের মানুষের চাহিদা পূরণ করে উন্নত জীবন দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকল্প জ্বালানি নীতির আওতায় স্থাপিত সোলার হোম সিস্টেমের সংখ্যা ৩০ লাখ অতিক্রম উদযাপন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, “মানুষের চাহিদা পূরণ করে উন্নত জীবন দেওয়াই আমাদের লক্ষ্য। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদন এবং তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আগামীতে আমরা প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ দিতে চাই।
“সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চাই। এর মধ্যে নবায়নযোগ্য শক্তি হতে আসবে ১০ শতাংশ বিদ্যুৎ।”
নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য এবং ওই দুই দেশের বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি।”
আগামী তিন বছরে ইডকলের মাধ্যমে আরো ৩০ লাখ পরিবারকে সৌর বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যের কথাও জানান প্রধানমন্ত্রী।
মনোয়ারা বেগম সোলার হোম সিস্টেমের গ্রাহক।
প্রধানমন্ত্রীকে তিনি বলেন, সৌর বিদ্যুতের সংযোগ নেওয়ার আগে তার ছেলে-মেয়েরা সন্ধ্যার পরে আর লেখাপড়া করতে পারত না। তার প্রতিদিন দুই থেকে তিন কেজি কেরসিন লাগত। এমনকি প্রতিদিন পাঁচ টাকা খরচ হত মোবাইল চার্জ দিতে।
“এখন আমার মেয়ে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে পারে। আমি সারাদিন ঘরের কাজ করে রাতে সেলাই মেশিনে কাজ করি। আমাকে আর কেরসিন কিনতে হয় না। মোবাইল চার্জ করার জন্য কাউকে পয়সাও দিতে হয় না,” বলেন মনোয়ারা বেগম।
প্রধানমন্ত্রীকে চর জানাজাত সফরেরও আমন্ত্রণ জানান সৌর বিদ্যুতের সংযোগ নেওয়া এই গৃহিণী।
মনোয়ারা বেগমের সঙ্গে স্থানীয় সাংসদ নূর-ই আলম চৌধুরী লিটনও উপস্থিত ছিলেন।
ওই এলাকায় বিমানবন্দরের জন্য স্থানীয়রা তাদের জায়গা দিতে প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান আওয়ামী লীগের সাংসদ লিটন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর হলে ওই এলাকার উন্নয়ন হবে।
এরআগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ইডকল সরকারি-বেসরকারি উদ্যোগে অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিগত প্রায় দেড় যুগে কোম্পানিটি বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন এবং অবকাঠামো উন্নয়নে অর্থায়নের ক্ষেত্রে একটি বড় অংশীদার হিসাবে আবির্ভূত হয়েছে।
বৃহৎ থেকে মাঝারি অবকাঠামো নির্মাণ এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন খাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করার লক্ষ্যে ১৯৯৭ সালে ইডকল প্রতিষ্ঠা হয়। ১৯৯৮ সালে এটি নন-ব্যাংক ফাইন্যান্সিং ইনস্টিটিউশন হিসাবে বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, “এখনো আমরা সারাদেশে বিদ্যুৎ পৌঁছাতে পারিনি। ৬২ থেকে ৬৪ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। বৃহৎ অংশের মানুষ বিদ্যুৎ প্রাপ্তি থেকে বঞ্চিত।
“দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর জন্য ইডকল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোলার হোম সিস্টেম কর্মসূচি বর্তমানে বিদ্যুৎবিহীন এলাকায় বাস্তবায়িত বিশ্বের সর্ববৃহৎ নবায়নযোগ্য শক্তি কর্মসূচি।”
নবায়নযোগ্য বিদ্যুৎ পরিবেশ দূষণ রোধে অবদান রাখতে পারে- মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “কার্বনভিত্তিক শক্তি ব্যবস্থার রূপান্তর করে একুশ শতকের জন্য একটি স্মার্ট, পরিষ্কার ও কার্যকর শক্তি ব্যবস্থা গড়ে তোলা দরকার।
১৯৯৬ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে প্রথম জাতীয় জ্বালানি নীতি প্রণয়ন এবং ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘রূপকল্প ২০২১’-এ নবায়নযোগ্য শক্তির উপর বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, গ্রিড সম্প্রসারণ ও নবায়নযোগ্য শক্তির মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সব মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করি।”
সরকারের নেওয়া উদ্যোগের ফলে দেশে সৌর বিদ্যুতের ব্যবহার অনেকগুণে বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশে সোলার হোম সিস্টেমের সংখ্যা ছিল তিন লাখেরও কম। মাত্র সাড়ে পাঁচ বছরে তা প্রায় ১০ গুণ বেড়েছে। পল্লী অঞ্চলের প্রায় দেড় কোটি মানুষ সৌর বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।
পল্লী অঞ্চলের জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র ব্যবসায়ী, কুটির শিল্প ও অন্যান্য পেশায় কর্মরত জনসাধারণ তাদের কর্মঘণ্টা বৃদ্ধির মাধ্যমে সৌর বিদ্যুতের সুফল ভোগ করছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বর্তমানে ১২ হাজার টাকায় ২০ ওয়াটের একটি সোলার হোম সিস্টেম কেনা যায়, যা দিয়ে তিনটি বাতি এবং একটি মোবাইল চার্জার চালানো যায়।
সরকার ইডকলের মাধ্যমে অনুদান ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে।
মাসিক কিস্তিতে এই সিস্টেম কেনার সুযোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “একটি পরিবারের বাতি জ্বালানোর জন্য যে কেরোসিন খরচ হত তার চেয়েও কম খরচে তিনি বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে পারছেন।”
সোলার হোম সিস্টেম কর্মসূচি ছাড়াও ইডকলের মাধ্যমে বায়োগ্যাস কর্মসূচি, উন্নত চুলা কর্মসূচি, সৌরবিদ্যুৎ চালিত সেচ-পাম্প ও মিনি-গ্রিড প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দেশের বিভিন্ন অঞ্চলে সৌরবিদ্যুৎ চালিত সেচ-পাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
“আমাদের দেশে সৌর সেচ-পাম্পের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ ডিজেল চালিত সেচ-পাম্প রয়েছে। এগুলোর জন্য বিপুল পরিমাণ ডিজেল আমদানি করতে হয় এবং এতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়,” বলেন তিনি।
সৌর সেচ-পাম্প কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিষ্ঠান এবং সংশিষ্টদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সৌর সেচ-পাম্প স্থাপনের জন্য আমরা ইডকলের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানকে অনুদান ও সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করেছি।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও ইডকলের চেয়ারম্যান মোহাম্মাদ মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্ট তৌফিক-ই-ইলাহী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেস জুট বক্তব্য দেন।
ইডকলের নির্বাহী পরিচালক মাহমুদ মালিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
