২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে কাঁপছে দিল্লি: ফ্লাইটে বিলম্ব, স্কুলে ছুটি বেড়েছে

ভারি কুয়াশার কারণে দিল্লিতে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।

শীতে কাঁপছে দিল্লি: ফ্লাইটে বিলম্ব, স্কুলে ছুটি বেড়েছে

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 09 Jan 2023, 10:44 PM

Updated : 09 Jan 2023, 11:10 PM

প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গে ভারি কুয়াশার কারণে ভারতের রাজধানী দিল্লিতে সোমবার উড়াজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে গাড়ি চলাচল করছে।

এ পরিস্থিতিতে নগরীর স্কুলগুলো পুনরায় খুলে দেওয়ার সময়ও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে সোমবার এক বার্তায় যাত্রীদের সতর্ক করে বলেছে, তারা যেন নিয়মিত নিজ নিজ এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ফ্লাইটের আপডেট জেনে নেয়।

‘‘কারণ, ভারি কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা ব্যাহত হতে পারে।”

বেসরকারি বিমান পরিবহন ট্রাকারে অনেক ফ্লাইট বিলম্ব হওয়ার কথা জানানো হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ‘‘দিল্লির অনেকাংশ এবং পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও বিহারের মত উত্তর ও পূর্বের রাজ্যগুলোতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারি এবং অতি ভারি কুয়াশা দেখা যাবে।

ফলে সোমবার ও মঙ্গলবার আকাশ, সড়ক ও নৌ পথে যান চলাচল ব্যাহত হতে পারে। দুই কোটি মানুষের নগরী দিল্লিতে এই সময় ফুসফুসের রোগও অনেক বেড়ে যায়।

শীতের ছুটি কাটিয়ে দিল্লির অনেক বেসরকারি স্কুল সোমবার খুলে যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার বর্তমান পরিস্থিতির কারণে ছুটির মেয়াদ আগেই আরো এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

নগরীতে সোমবার সর্বনিম্ন তাপমাত্র‍া ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গত রোববার, ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস বলেছে, সাধারণত জানুয়ারি মাসে দিল্লির তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।

পুরো ভারত জুড়ে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়েছে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে ৪ বা সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।