২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সহিংসতায় ৬ বছরে সর্বোচ্চ প্রাণহানি ২০২৩ সালে

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশেই ২০২৩ এ সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 02:27 PM

Updated : 01 Jan 2024, 02:43 PM

পাকিস্তানে গেল বছর ৭৮৯টি সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসবিরোধী অভিযানের মধ্যে ১৫২৪ প্রাণহানির ঘটনা ঘটেছে যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। নিহতদের মধ্যে ১০০০ জন বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

এক বছরে প্রাণহানির এ সংখ্যা ২০১৮ সালের পরিসংখ্যান ছাড়িয়ে ২০১৭ সালের পর থেকে রেকর্ড সর্বোচ্চ বলে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে।

২০২১ সাল থেকেই পাকিস্তানে সহিংসতা বাড়তে শুরু করে। সহিংসতা বাড়ার এ ধারা অব্যাহত আছে আর গেল বছর তা আরও বেড়ে আগের দুই বছরকে ছাড়িয়ে গেছে।

২০২৩ এ খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশেই সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। ৯০ শতাংশেরও বেশি প্রাণহানি ও ৮৪ শতাংশ হামলার ঘটনা ঘটেছে এ দু’টি প্রদেশে। এগুলোর মধ্যে সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানগুলোও ধরা হয়েছে।

পাঞ্জাব ও সিন্ধু প্রদেশ অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ছিল। গত বছরের মোট প্রাণহানির মাত্র ৮ শতাংশ এই প্রদেশ দু’টিতে ঘটেছে।

সেন্টার ফর রিসার্চ এন্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) এর করা বার্ষিক এই নিরাপত্তা প্রতিবেদনের তথ্যগুলো দেখিয়েছে, ২০২৩ সালে দেশটিতে আগের বছরের তুলনায় সহিংসতা ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জঙ্গি হামলা বেড়েছে ৬৯ শতাংশ।

গত ১০ বছরের মধ্যে ২০২৩ সালে সহিংসতা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সিআরএসএস।

২০২২ সালে বিভিন্ন ধরনের সহিংসতায় দেশটিতে ৯৮০ জন নিহত হয়েছিল, কিন্তু ২০২৩ সালে তা বেড়ে ১৫২৪ জনে দাঁড়ায়। গত বছর সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বেলুচিস্তানে, এখানে নিহতের সংখ্যা বৃদ্ধির হার ৫৭ শতাংশ ছিল। এরপর আছে খাইবার পাখতুনখওয়া, এখানে নিহতের সংখ্যা বৃদ্ধির হার ৫৫ শতাংশ।

পাঞ্জাবে সহিংসতা ৯৬ শতাংশ বৃদ্ধি পেলেও সেই তুলনায় প্রাণহানির সংখ্যা অনেক কম। সিন্ধুতে প্রাণহানি বেড়েছে ২৬ শতাংশ।