মোদী ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে ঘৃণাভাষণ ও বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই দলকেই নোটিস ধরাল নির্বাচন কমিশন। সোমবার বেলা ১১টার মধ্যে কমিশন জবাব চেয়েছে।
নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ঘৃণাভাষণ ও বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। মোদীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল কংগ্রেস, সিপিআই ও সিপিআই (এমএল)। আর রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এতেই সাড়া দিয়ে বৃহস্পতিবার দুই দলকে নোটিশ দিয়েছে কমিশন। তবে এ নোটিস পাঠানো হয়েছে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে। এ নোটিসে মোদী কিংবা রাহুল গান্ধী কারও নামই উল্লেখ নেই।
দুই পাতার এ নোটিসে নির্বাচন কমিশন জানিয়েছে, তারকা প্রচারকদের কাছ থেকে উচ্চ মানের বক্তৃতা আশা করা হয়, কিন্ত অনেক সময় নির্বাচনের উত্তাপে তারা নিম্ন স্তরে নেমে আসে। এক্ষেত্রে বিজেপির জেপি নাড্ডা ও কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গেকে তাদের তারকা প্রচারকদের আচরণ ও মন্তব্যে রাশ টানতে বলা হয়েছে।
রাজস্থানের বাঁশওয়ারায় সম্প্রতি বিতর্কিত মন্তব্য করছিলেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনদের সোনাদানা, গলার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে বেশি বেশি সন্তান জন্ম দেওয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিলিয়ে দেবে বলে অভিযোগ করেন তিনি।
কেবল তাই নয়, দেশের সম্পদের উপর মুসলিমদের অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী কংগ্রেস, এমন দাবি করেন মোদী। অভিযোগ করার সময় মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ও বলেন তিনি।
বিশেষ সম্প্রদায়কে নিশানা করে মোদীর এই মন্তব্য কেবল বিভাজনমূলকই নয়, তিনি ঘৃণাভাষণ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। কংগ্রেসসহ বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়।রাহুল
ওদিকে, মোদীর দল বিজেপি’র পক্ষ থেকে নির্বাচর কমিশনে অভিযোগ জানানো হয় যে, কেরালার কোট্টায়াম বা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে ভাষণ দিয়েছেন, তা প্রধানমন্ত্রীর জন্য সম্মানহানিকর এবং নির্বাচনের আদর্শ আচরণবিধি পরিপন্থি।
রাহুল গান্ধী তার ভাষণে বলেছিলেন, “আমি অবাক হয়ে যাই যখন প্রধানমন্ত্রীকে বক্তৃতা দিতে শুনি, যেখানে তিনি বলেন এক জাতি, এক দেশ, এক ভাষা, এক নেতা এবং এক ধর্ম। তবে আপনি কীভাবে বলতে পারেন তামিলের লোকেরা তামিল বলতে পারবে না, কেরালার লোকেরা মালয়ালম ভাষায় কথা বলতে পারবে না। প্রতিটি ভারতীয় ভাষা অন্য যে কোনও ভাষার মতোই গুরুত্বপূর্ণ। বিজেপি ভাষা, স্থান, জাতপাত ও ধর্ম দিয়ে এটা করে। যখনই তারা সুযোগ পায়, তখনই দেশকে বিভক্ত করে।”
ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল শুক্রবার। এবারের লোকসভা নির্বাচন হচ্ছে সাতটি ধাপে। চলবে প্রায় দুই মাস ধরে। ভোট গ্রহণ শেষ হবে ১ জুন। ৪ জুন ভোটের ফল ঘোষণা করা হবে।
