২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে অস্ত্র পাঠানো নিয়ে দক্ষিণ কোরিয়ার দ্বিধার নথি ফাঁস

ইউক্রেইনে অস্ত্র পাঠানো নিয়ে দক্ষিণ কোরিয়ার উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার স্পর্শকাতর অংশ প্রকাশ হয়েছে পেন্টাগনের ফাঁস হওয়া গোপন নথিতে।

ইউক্রেইনে অস্ত্র পাঠানো নিয়ে দক্ষিণ কোরিয়ার দ্বিধার নথি ফাঁস

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 10:18 PM

Updated : 11 Apr 2023, 10:18 PM

ইউক্রেইনে অস্ত্র পাঠানো নিয়ে দক্ষিণ কোরিয়ার উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার স্পর্শকাতর অংশ প্রকাশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তর পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে এ বিষয়টি উঠে এসেছে।

বিবিসি নথিটি দেখেছে। এ নথি ফাঁসের মধ্য দিয়ে মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তিরই বহিঃপ্রকাশ ঘটেছে। এই গুপ্তরচরবৃত্তি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন-সুক ইয়োলের দুই উপদেষ্টার ওপর।

নথিতে দেখা গেছে, এই উপদেষ্টারা একদিকে ইউক্রেইনে অস্ত্র ও গোলাববারু দপাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপ এবং অন্যদিকে যুদ্ধে লিপ্ত একটি দেশকে অস্ত্র সরবরাহনা করার দক্ষিণ কোরীয় নীতি- এ দুয়ের মধ্যে দ্বিধাগ্রস্ত রয়েছেন।

একজন উপদেষ্টা গোলাবারুদ ইউক্রেইনে না পাঠিয়ে বরং পোল্যান্ডে পাঠাতে বলছেন, যাতে যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করা এড়ানো যায়।

নথি কীভাবে কোথা থেকে ফাঁস হল তার হদিস বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। পেন্টাগন এই নথি ফাঁসকে জাতীয় নিরাপত্তায় মারাত্মক ঝুঁকি বলে উল্লেখ করেছে।

গত বছর শেষ হয়ে যাওয়া গোলার মজুত পূরণ করতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে গোলা বিক্রিতে রাজি হয়েছিল। তবে তারা এই গোলা যুক্তরাষ্ট্রের জন্যই রাখা এবং কিইভকে তা না দেওয়ার বিষয়টিতে জোর দিয়েছিল।

কিন্তু দক্ষিণ কোরিয়া সরকার যে এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল এবং তাদের সন্দেহ ছিল যে, যুক্তরাষ্ট্রই এ গোলার শেষ ব্যবহারকারী নাও হতে পারে- সে বিষয়টি বেরিয়ে এসেছে গত ১ মার্চের একটি কথপোকথনে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি ই-মুন-হুই এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম-সু-হান তাদের মধ্যকার কথাবার্তায় দেশের সরকারের উদ্বিগ্ন থাকার ওই বিষয়টি উল্লেখ করেন।

তারা আরও উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সরাসরি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুনকে অস্ত্র পাঠানোর বিষয়টি নিয়ে ফোন করতে পারেন। আর দক্ষিণ কোরিয়া যদি তখন ইউক্রেইনকে অস্ত্র পাঠানোর বিষয়ে তাদের নীতি পরিবর্তন করে তাহলে মনে হবে যেন তারা যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে।