সীমান্তে উত্তরের ১৮০টি বিমান দেখে তড়িঘড়ি যুদ্ধবিমান মোতায়েন দক্ষিণ কোরিয়ার
কাছেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যৌথ আকাশ মহড়া ‘সতর্ক ঝড়ে’ দক্ষিণ কোরিয়ার আরও ২৪০টির মতো উড়োজাহাজ অংশ নিচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তাদের সামরিক সীমান্তের উত্তরে চার ঘণ্টাব্যাপী উত্তর কোরিয়ার ১৮০টির মতো যুদ্ধবিমানের ওড়াউড়ি দেখে তারাও তড়িঘড়ি ওই অঞ্চলের কাছে তাদের যুদ্ধবিমান জড়ো করেছে।
মিলিটারি ডিমারকেশন লাইনের ২০ কিলোমিটার দূর পর্যন্ত থাকা তথাকথিত কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার উত্তরে শুক্রবার উত্তরের উড়োজাহাজগুলো উড়েছে, বলেছে তারা।
এর পাল্টায় দক্ষিণ কোরিয়া তড়িঘড়ি এফ-৩৫এসহ ৮০টি যুদ্ধবিমান মোতায়েন করে বলে দেশটির সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যৌথ আকাশ মহড়া ‘সতর্ক ঝড়ে’ আরও ২৪০টির মতো উড়োজাহাজ অংশ নিচ্ছে, জানিয়েছে সিউল।
গত মাসে উত্তর কোরিয়ার ১০টি যুদ্ধবিমান একইরকমভাবে মহড়া দিয়েছিল, যার পাল্টায় দক্ষিণ কোরিয়াও তড়িঘড়ি যুদ্ধবিমান প্রস্তুত করেছিল।
শুক্রবার যুদ্ধবিমান নিয়ে মহড়া দেওয়ার আগে রাতে উত্তর কোরিয়া সমুদ্রে ৮০ রাউন্ডেরও বেশি কামানের গোলা ছুড়েছে।
বৃহস্পতিবার পিয়ংইয়ং সমুদ্রে একাধিক ক্ষেপণাস্ত্রও মেরেছে, এর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছিল বলে সন্দেহ করছে জাপান, দক্ষিণ কোরিয়া। ওই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে বলেও ধারণা তাদের।
উত্তরের এসব কর্মকাণ্ডের পাল্টায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের আকাশ মহড়ার সময় বাড়িয়েছে, যা পিয়ংইয়ংকে আরও ক্রুদ্ধ করেছে।
