রাষ্ট্রদ্রোহের মামলায় পুতিনের সমালোচকের ২৫ বছরের কারাদণ্ড
ভ্লাদিমির কারা-মুরজা রাশিয়া এবং যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সরব।
রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত করে ক্রেমলিন সমালোচক ভ্লাদিমির কারা-মুরজাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত।
সোমবার ৪১ বছর বয়সী কারা-মুরজাকে এই সাজা শোনানো হয়।
তিন সন্তানের জনক কারা-মুরজা রাশিয়া এবং যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। রাশিয়ার বিরোধী দলের এই নেতা দীর্ঘ কয়েক বছর ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সরব থেকেছেন।
তিনি পশ্চিমা সরকারগুলোর সঙ্গে যোগাযোগ করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়া এবং কয়েকজন রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করানোর চেষ্টা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কারা-মুরজার বিপক্ষে রাষ্ট্রদ্রোহ এবং রাশিয়ার সামরিক বাহিনীকে বদনাম করার অভিযোগ তুলে আদালতে তাকে ২৫ বছরের কারাদণ্ডের সাজা দেওয়ার আবেদন করেন।
কারা-মুরজা গ্রেপ্তার হওয়ার কয়েকঘণ্টা আগে সিএনএন তার একটি সাক্ষাৎকার সম্প্রচার করে। যেখানে তিনি বলেছিলেন, রাশিয়া ‘হত্যাকারী শাসকদের নেতৃত্বে’ পরিচালিত হচ্ছে।
তিনি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ জুড়ে বক্তৃতা দিয়েছেন। ওইসব বক্তৃতায় তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনে বেসামরিক নাগরিকদের উপর বোমা বর্ষণের অভিযোগ করেন। যে অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
সোমবার কারা-মুরজা আদালতে কাঁচে ঘেরা একটি কক্ষে বাসে শান্ত মুখে তার বিচার কার্যক্রম দেখেছেন। তার পরনে ছিল জিন্স প্যান্ট এবং জ্যাকেট। রায় ঘোষণার পর তিনি বলেন, ‘রাশিয়া স্বাধীন হবে’। পুতিন বিরোধীদের মুখে এটি খুবই প্রচলিত স্লোগান।
বন্ধ দরজার আড়ালে কারা-মুরজার বিচার কাজ চলেছে। গত সপ্তাহে তিনি আদালতে শেষ বক্তব্য রাখেন। যেখানে তিনি আদালতের কাছে নিজের মুক্তির আবেদন জানাতে অস্বীকার করেন। বলেন, তিনি যা যা বলেছেন তার জন্য তিনি গর্বিত এবং এখনও তিনি একই মত পোষণ করেন।
কারা-মুরজা বলেন, ‘‘অপরাধীদের নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়ার কথা। অন্যদিকে, আমি আমার রাজনৈতিক মতাদর্শের জন্য কারাগারে আছি। আমি এটাও জানি যে, সেই দিন আসবে, যেদিন আমাদের দেশের উপর থেকে অন্ধকার কেটে যাবে।”
সোমবারের এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন কারা-মুরজার আইনজীবীদের একজন মারিয়া ইসমন্ত।
পুতিনের কট্টর সমালোচক রাশিয়ার বিরোধীদলের আরেক নেতা অ্যালেক্সি নাভালনিও কারাগারে রয়েছেন।
