২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ পর্যটক নিষিদ্ধ করতে চায় পোল্যান্ড-ফিনল্যান্ড ও বাল্টিক দেশগুলো

তিন বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড ও ফিনল্যান্ড- পাঁচ দেশেরই রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে। রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের জেরে তারা রুশ পর্যটক নিষিদ্ধ করতে চাইছে।

রুশ পর্যটক নিষিদ্ধ করতে চায় পোল্যান্ড-ফিনল্যান্ড ও বাল্টিক দেশগুলো

ছবি: রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 09:59 PM

Updated : 23 Aug 2022, 09:59 PM

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সার্বিকভাবে সদস্যদেশগুলোতে রাশিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ না করলে তিন বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড ও ফিনল্যান্ড রুশ পর্যটকদের প্রবেশ ঠেকাতে নিজেরাই ব্যবস্থা নিতে পারে।

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলিয়াস ল্যান্ডসবের্গিস মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।

রাশিয়ার সঙ্গে ওই পাঁচ দেশেরই সীমান্ত রয়েছে। রুশ বাহিনীর ইউক্রেইন আক্রমণের জেরে তারা এ ব্যবস্থা গ্রহণ করতে চাইছে।

রাজধানী ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে ল্যান্ডসবের্গিস বলেন, ‘‘আমরা এই সব দেশের মন্ত্রীরা কথা বলেছি...রাজনৈতিকভাবে আমি তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখিনি।”

পাঁচ দেশের সবগুলোই ইইউ-র সদস্যভুক্ত এবং রাশিয়ার সঙ্গে সীমান্ত থাকায় ইউক্রেইন আক্রান্ত হওয়ার পর তারাও যেকোনো সময় রুশ আগ্রাসনের শিকার হওয়ার আতঙ্কে রয়েছে। তাই তারা রাশিয়ার বিরুদ্ধে এখনই ইইউ থেকে ব্যবস্থা চাইছে।

মূলত এই পাঁচ দেশকে সমর্থন করতে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে রাশিয়ার নাগরিকদের ভিসা দেওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা সে বিষয়ে সোমবার আলোচনায় বসার কথা ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের।

জার্মানির চ্যান্সেলর অবশ্য সোমবারই জানিয়ে দিয়েছেন তার দেশ এ ধরণের নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে। এ সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি, যারা ক্রেমলিনের নীতির বিরুদ্ধে তারা যদি প্রয়োজনে দেশ ছাড়তে চায়, তাহলে তাদের সে সুযোগ থাকা উচিত।

হাঙ্গেরিসহ ইইউ এর আরও কয়েকটি দেশ এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করতে পারে। যে কারণে পাঁচ দেশ ইইউর বৈঠকের পাশাপাশি সোমবার নিজেরা আলাদা করে বৈঠক কার পরিকল্পনা করেছে বলে জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডসবের্গিস।

তিনি বলেন, আঞ্চলিকভাবে ভিসা নিষিদ্ধের ক্ষেত্রে আমাদেরকে ক্রেমলিন বিরোধীদের প্রবেশের অনুমতি দেওয়া এবং পর্যটকদের বাধা দেওয়ার জন্য একই ধরনের নিয়ম-কানুন প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, ‘‘রাশিয়ার পর্যটকদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেওয়া উচিত না...তাদের দেশ ইউক্রেইনে গণহত্যা চালাচ্ছে।”

ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরু পর থেকে রাশিয়ার সঙ্গে ইইউ এর সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাই রুশ পর্যটকদের ইইউ-তে প্রবেশ করতে হলে সড়ক পথে ওই পাঁচ দেশ পার হতে হয়।

রয়টার্স জানায়, গত সপ্তাহে এস্তোনিয়া ৫০ হাজারের বেশি রুশ নাগরিকদের জন্য তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, যাদের আগে ভিসা দেওয়া হয়েছিল। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এস্তোনিয়াই প্রথম রুশ নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করেছে। ফলে রাশিয়ার সাধারণ নাগরিকদের জন্য ইইউ দেশগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে।

এ মাসের শুরুতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার সব নাগরিকের উপর গণহারে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছিলেন, যার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল মস্কো।