২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান খানকে জামিন দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন মামলায় জামিন পেলেও ইমরানকে মুক্তি দেওয়া হবে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

ইমরান খানকে জামিন দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 04:52 PM

Updated : 22 Dec 2023, 04:52 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার রাজনৈতিক সহযোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ্ মাহমুদ কোরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন মামলায় জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার এই মামলায় জামিন পেলেও ইমরানকে মুক্তি দেওয়া হবে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি, কারণ অন্য কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে; রয়টার্সকে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী সালমান সাফদার। ।  

ইমরান ও কোরেশি, উভয়েই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। অগাস্টে পৃথক একটি মামলায় দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে কারাগারে আছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান।

গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইসলামাবাদে একটি গোপন তারবার্তা পাঠিয়েছিলেন। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই বার্তা প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন করেছেন।

কিন্তু তিনি এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। ইমরানের দাবি, ওই তারবার্তা গণমাধ্যমে এসেছিল অন্য সূত্র থেকে।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।

ফাঁস হওয়া কূটনৈতিক তারবার্তার কথা উল্লেখ করে তখন তিনি বলেছিলেন, যে বার্তা ফাঁসের জন্য তাকে অভিযুক্ত করা হচ্ছে, সেটিই প্রমাণ করছে যে, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছিল। কারণ, তিনি ইউক্রেইনে আগ্রাসন শুরুর আগে রাশিয়ায় সফর করেছিলেন।

তবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সেনাবাহিনী উভয়ই ইমরানের এমন দাবি অস্বীকার করেছে।

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং তোষাখানা দুর্নীতি মামলাসহ আরও কয়েক ডজন মামলা আছে। এসব মামলা তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য দায়ের করা হয়েছে বলে অভিযোগ ইমরানের।

আরও পড়ুন:

পুরনো খবর:

কারাগারে বসে এআই দিয়ে তৈরি ভাষণ দিলেন ইমরান খান
রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় জামিন পেলেন না ইমরান খান
রাজনীতিতে ৫ বছরের জন্য নিষিদ্ধ ইমরান খান