ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকারের আচরণে ‘স্তম্ভিত’ শাস্ত্রি
‘কোনো মানুষের সঙ্গে এমন আচরণ করা যায় না’, কারাবন্দি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে বলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ও সাবেক কোচ।
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সঙ্গে দেশটির সরকারের আচরণ মানতেই পারছেন না রাভি শাস্ত্রি। ভারতের সাবেক অলরাউন্ডারের মতে, মানবিক দিক বিবেচনায়ও একজন মানুষের সঙ্গে এমন ব্যবহার করা যায় না।
খেলোয়াড়ি জীবনের পর রাজনীতিতে পা রাখেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন ইমরান। দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।
ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় অনেকদিন ধরে তাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত অগাস্টে ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন। এর আগে গত ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারকে চিঠি পাঠান।
এরপর ব্যক্তিগতভাবে ইমরানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরও অনেক ক্রিকেটারই। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাস্ত্রি। রিপাবলিক ওয়ার্ল্ডকে ভারতের সাবেক কোচ বলেন, ইমরানের এমন আচরণ একদমই প্রাপ্য নয়।
“আমি রাজনীতিবিদ নই। কিন্তু আজ তার (ইমরান) সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা বিস্ময়কর। কোনো মানুষের সঙ্গে এমন আচরণ করা যায় না। মানবিক দিক বিবেচনা করলে, তার সঙ্গে যা করা হচ্ছে, তিনি এটা প্রাপ্য নন। তাই আমি শুধু নিজের হয়ে কথা বলছি না। আমার মনে হয়, বিশ্বের অনেক ক্রিকেটারই একই অনুভূতির কথা বলবেন।
“শুধু আশা করি, তিনি ভালো আছেন এবং তার স্বাস্থ্য ভালো আছে। কারণ ক্রিকেটকে তিনি যা দিয়েছেন, তা অসাধারণ। তাকে নিয়ে আমার স্মৃতি হলো একজন অসাধারণ নেতাকে দেখা। একজন প্রকৃত নেতা ছিলেন। তরুণদের অনুপ্রাণিত করার এবং তাদের এগিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার। ৪০ বছর বয়সের কাছাকাছি এসে একটি তরুণ দলকে নেতৃত্বে দিয়ে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।”
ইমরান কারাগার থেকে বের হতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে শাস্ত্রি বলেন, “আশাকরি। তিনি বেরিয়ে আসবেন এবং তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। তিনি অনেক দিন ধরে সেখানে আছেন। আমি রাজনীতি বুঝি না, কিন্তু এই পরিস্থিতিতেই আপনি হয়তো অন্য কোথাও বাইরে থাকতে পারতেন। কিন্তু সেখানে একটি সেলে বসে থাকা তার প্রাপ্য নয়। কারণ বিশ্বজুড়ে তিনিই পাকিস্তানের সবচেয়ে পরিচিত মুখ। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, এটাই আমার মত।”
কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার করা কিংবা তাকে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেসব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের হয়ে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তিনি অবিসংবাদিত।
