২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বৃষ্টিতে বেইজিংয়ের সড়ক যেন নদী, ২ জনের মৃত্যু

চীনের রাজধানীতে শনিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত গড়ে ১৭৬ দশমিক ৯ মিলিমিটার (৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

ভারি বৃষ্টিতে বেইজিংয়ের সড়ক যেন নদী, ২ জনের মৃত্যু

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 12:28 AM

Updated : 01 Aug 2023, 01:00 AM

টাইফুন ডোকসুরির প্রভাবে ভারি বৃষ্টিপাতে চীনের রাজধানী বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের সড়কগুলো যেন নদীতে পরিণত হয়েছিল।

সোমবার বিরামহীনভাবে হওয়া ভারি বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় অনেক গাড়ি ভেসে গেছে। অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বন্যায় বহু লোকজন আটকা পড়ে গেছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বেইজিংয়ে শনিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত গড়ে ১৭৬ দশমিক ৯ মিলিমিটার (৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মেনতুগুতে, ৫৮০ দশমিক ৯ মিলিমিটার (২৩ ইঞ্চি)।

ডোকসুরির তাণ্ডব থেকে প্রাণ রক্ষা করতে নগরীর হাজার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। শুধু বেইজিং নয় বরং প্রতিবেশী নগরী তিয়ানজিন এবং হেবেই প্রদেশে বিরতিহীনভাব বৃষ্টি ঝরেছে।

Image

ছবি: রয়টার্স।

হাই নদীর অববাহিকায় তৈরি পাঁচটি নদীর মধ্যে তিনটিতেই সোমবার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানির তোড়ে বেশ কিছু ঘরবাড়ি ইংডিং নদীতে ভেসে গেছে।

এ বছর চীনে আঘাত হানা শক্তিশালী ঝড়ের একটি ডোকসুরি। ঝড়ের প্রভাবে এ সপ্তাহান্তে ফুজিয়ান প্রদেশে বড় ধরণের বন্যা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।