২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে মোকাবেলায় সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় চালু যুক্তরাষ্ট্রের দূতাবাস

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবেলায় ওই অঞ্চলে কূটনৈতিক তৎপরতা বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র।

চীনকে মোকাবেলায় সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় চালু যুক্তরাষ্ট্রের দূতাবাস

তিন দশক পর সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালু করল যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 07:04 PM

Updated : 02 Feb 2023, 07:04 PM

চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জ সরকারের ঘনিষ্ঠতা বাড়ছে। গতবছর দুই দেশ একটি নিরাপত্তা চুক্তি সই করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবেলায় প্রায় তিন দশক পর সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালু করেছে।

১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জে দূতাবাস বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে চীনকে নিয়ে উদ্বেগের মধ্যে গত বছর ফেব্রুয়ারিতে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দেয় দেশটি।

ওই সময় নতুন করে দূতাবাস চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা বিবিসি-কে বলেছিলেন, ‘‘চীন ওই অঞ্চলে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠছে। যা নিয়ে সলোমন দ্বীপপুঞ্জের ব্যবসায়ী নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।”

প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র সলোমন আইল্যান্ডস কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত এবং পাপুয়া নিউ গিনির দক্ষিণ-পূর্বে অবস্থিত। ২০১৯ সালে দেশটি তাইওয়ান কে ছেড়ে চীনের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

আর গত বছর এপ্রিলে দেশটি চীনের সঙ্গে যে নিরাপত্তা চুক্তি সই করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র ।

পুরনো খবর:

সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালু করছে যুক্তরাষ্ট্র
চীন-সলোমন চুক্তি, উদ্বিগ্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-যুক্তরাষ্ট্র

ওই চুক্তি ঠেকাতে তারা কূটনৈতিক তৎপরতাও চালিয়েছিল। কারণ, তাদের আশঙ্কা, চীন সলোমন দ্বীপপুঞ্জে নৌঘাঁটি বানাবে। যার জেরে প্রশান্ত মহাসাগরে শান্তির পরিবেশ বিনষ্ট হবে।

বুধবার রাজধানী হোনিয়ারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন অনুষ্ঠান হলেও তাতে উপস্থিত ছিলেন না সলোমনের প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারে।

তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, সরকারের পক্ষ থেকে পুনরায় যুক্তরাষ্ট্রের দূতাবাস চালুর বিষয়টিকে স্বাগত জানানো হয়েছে।

ভূরাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রের কাছে সলমোন দ্বীপপুঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দেশটিকে অস্ট্রেলিয়ার মতো প্রশান্ত মহাসাগরীয় মিত্রের কাছে পৌঁছতে হলে সলোমন দ্বীপপুঞ্জের ওপর দিয়েই যেতে হবে।

ওদিকে, গত কয়েক বছরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ক্রমাগত বাড়ছে। সেই সঙ্গে চীনের সেনাবাহিনী ওই অঞ্চলে তাদের উপস্থিতির সীমাও বাড়াচ্ছে।

চীনকে থামাতে গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। সেবারই প্রথম এ ধরনের কোনও সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দেশগুলোর সঙ্গে একটি ব্যাপক অংশীদারিত্ব ও উন্নয়ন চুক্তি সই করে ওয়াশিংটন।

সলোমন প্রধানমন্ত্রী সোগাভারেও ওই চুক্তিতে সই করেন। যদিও প্রথম খবর রটেছিল, সোগাভারে হয়তো হোয়াইট হাউজের সম্মেলনে যোগ দেবেন না।