২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস এঞ্জেলেসের বাইরে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৬

আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। নিহত আরোহীদের সবাই প্রাপ্তবয়স্ক।

লস এঞ্জেলেসের বাইরে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৬

প্রতিনিধিত্বশীল ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 12:35 PM

Updated : 09 Jul 2023, 12:35 PM

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের কাছে একটি বিমানবন্দরের বাইরে মাঠের মধ্যে আছড়ে পড়ার পর আগুন ধরে যাওয়া ছোট একটি জেট বিমানের ৬ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে লস এঞ্জেলেসের ১৩৭ কিলোমিটার দক্ষিণে রিভারসাইড কাউন্টির ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে এ সেসনা সি৫৫০ ব্যবসায়িক জেটটি আছড়ে পড়ে বলে বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন।

বিমানটি লাস ভেগাস থেকে রওনা হয়েছিল; পাইলটসহ নিহত আরোহীদের সবাই প্রাপ্তবয়স্ক, যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষের তদন্ত কর্মকর্তা এলিয়ট সিম্পসন এক সংবাদ ব্রিফিংয়ে এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্যক্তি-মালিকানাধীন ওই বিমানটি ছোট বিমানবন্দরের রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে আছড়ে পড়ে, বলেছেন সিম্পসন।

গত সপ্তাহে একই বিমানবন্দরের কাছে আরেকটি ছোট বিমান দুর্ঘটনায় পড়েছিল, তাতে বিমানটির চালক মারা গেলেও অপ্রাপ্তবয়স্ক তিনজন বেঁচে যায়।