ক্রাইমিয়ার জ্বালানি ডিপোতে আগুন, ইউক্রেইনকে দুষছে রাশিয়া
এ ঘটনায় রুশ বাহিনীর কৃষ্ণসাগরীয় বহরের ব্যবহারের জন্য রাখা ৪০ হাজার টন ধারণক্ষমতার ১০টি তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়েছে, দাবি ইউক্রেইনের এক কর্মকর্তার।
চলমান যুদ্ধের মধ্যে ক্রাইমিয়ার সেভাস্তপোল বন্দরের একটি জ্বালানি সংরক্ষণাগারে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এই ঘটনায় ইউক্রেইনকে দুষছে রাশিয়া।
মস্কো নিয়ন্ত্রিত সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাঝভোঝায়েভ শনিবার জানান, সেখানে আক্রমণের পরই কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলীতে আকাশ ছেঁয়ে যায়।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন, বিশেষজ্ঞরা তেল সংরক্ষণাগারের ওই সাইটটি পরীক্ষা করেছেন। এটি স্পষ্ট যে সেখানে কেবল একটি ড্রোন পৌঁছাতে পেরেছে। হামলার পর অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
“আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার ধ্বংসাবশেষ সেভাস্তপোল বন্দরের তীরে পাওয়া গেছে।“
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেভাস্তপোলে পৌঁছানোর মত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংকট রয়েছে ইউক্রেইনে। এই সমস্যার সমাধানের লক্ষ্যে তারা ড্রোন তৈরি করছে।
মস্কোর অভিযোগ, ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়া ক্রাইমিয়ায় আক্রমণ চালাতে কিইভ আকাশ ও সামুদ্রিক ড্রোন পাঠাচ্ছে।
ফেইসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সাধারণ কর্মীরা বলেছেন, তাদের ইউনিটগুলো দুটি জ্বালানি ও লুব্রিকেন্টের ডিপো, দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি আর্টিলারি ইউনিট এবং আরেকটি গুরুত্বপূর্ণ শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
আর রাশিয়া-নিযুক্ত ক্রাইমিয়া প্রজাতন্ত্রের প্রধান সের্গেই আকসিওনভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, শনিবার তাদের বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাহিনী ওই অঞ্চলে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা সাধারণত ক্রিমিয়ার সামরিক স্থাপনায় হামলা বা বিস্ফোরণের দায় স্বীকার না করলেও তারা যে এতে উল্লসিত, তা তাদের ভাষ্যেই ফুটে ওঠে।
ইউক্রেইনের একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তার বরাতে আরবিসি ইউক্রেইন জানিয়েছে, আগুন লাগার ঘটনায় রুশ বাহিনীর কৃষ্ণসাগরীয় বহরের ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা ৪০ হাজার টন ধারণক্ষমতার ১০টি তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়েছে।
ঘটনার দায় স্বীকার না করে আন্দ্রি ইউসভ নামের ওই কর্মকর্তা বলেন, শুক্রবার ইউক্রেইনের একটি শহরে হামলার পাল্টায় সেভাস্তপোলে রুশদের ওপর ‘খোদার গজব’ নাজিল হয়েছে।
এ ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা অব্যাহত থাকবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই শাস্তি হবে দীর্ঘস্থায়ী। রাশিয়ার অস্থায়ী দখলে থাকা ক্রাইমিয়ার বাসিন্দাদের এখন সামরিক স্থাপনার কাছাকাছি না থাকাই ভালো।”
