১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসের শহরতলিতে বন্দুকধারীর হামলা, নিহত ১, আহত ৫

ফ্রান্সে শনিবার ডাকা বড় বিক্ষোভের আগে এই গুলির ঘটনা ঘটল। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে।

প্যারিসের শহরতলিতে বন্দুকধারীর হামলা, নিহত ১, আহত ৫

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 10:43 PM

Updated : 24 Oct 2026, 12:48 AM

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি শহরতলিতে বন্দুকধারীর চালানো গুলিতে অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্রান্সে শনিবার ডাকা বড় বিক্ষোভের আগে এই গুলির ঘটনা ঘটল। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার চলন্ত গাড়ি থেকে কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ত্রাপে এবং পরে কাছের লা ভেরিয়েরে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনিয়েজ জানান, এই সহিংসতা প্রায় ১৫ মিনিট ধরে চলে। আহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হলেও হামলার উদ্দেশ্য এখনও অস্পষ্ট, তবে জাতীয় সন্ত্রাসবিরোধী কৌসুলির কার্যালয় জানিয়েছে, ঘটনাটি এমন এক হত্যাকাণ্ড যার সঙ্গে সন্ত্রাসী সংগঠনের যোগসূত্র আছে বলে মনে হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনিয়েজ ত্রাপ উপশহরে সাংবাদিকদের জানিয়েছেন, যে ঘটনাটি ঘটেছে তা স্পষ্টতই সন্ত্রাসী কাণ্ড বা অপরাধ।

ফ্রান্সের ত্রাপ শহরের মেয়র আলি রাবেহ বলেছেন, শুক্রবার সকালে একজন গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনে পড়া কয়েকজন মানুষের ওপর গুলি বর্ষণ করেছে।

সাক্ষীদের মতে, বন্দুকধারী একটি ধূসর রঙের রেনল্ট ক্লিও গাড়িতে করে কয়েকটি এলাকার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যান।

রাবেহ বলেন, বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়েছিলেন এবং তার আপাত উদ্দেশ্য ছিল, "যত বেশি সম্ভব হতাহতের ঘটনা ঘটানো... তিনি ব্যাপক হত্যাকাণ্ড চালাতে চেয়েছিলেন।”

মেয়র বলেন, “হামলাকারী কাছের লা ভেরিয়েরের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার আগে ত্রাপ-এর একটি পেট্রোল পাম্প, একটি চিকিৎসা কেন্দ্র এবং একটি খেলার মাঠে মানুষকে নিশানা বানিয়েছিল।”

পুলিশ ইউনিয়নের একজন কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে শহরের ভেতর দিয়ে যাওয়া প্রধান এন১০ সড়ক সংলগ্ন লা ভেরিয়ের থেকে আটক করা হয়েছে।

বন্দুক হামলার উদ্দেশ্য কী হতে পারে জানতে চাওয়া হলে ত্রাপের মেয়র বলেন, হামলায় যিনি নিহত হয়েছেন, তিনি আফ্রিকান বংশোদ্ভূত ছিলেন এবং গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় যারা আছেন, তাদের মধ্যে একজন উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। হামলার পেছনে বর্ণবাদ এবং সম্ভবত ইসলাম বিদ্বেষের আভাস রয়েছে।