‘যেন পারমাণবিক বোমা ফেটেছে’: পর্যটকের বর্ণনায় ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ
যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের বাসিন্দা টিমোথি উইটিং ভূমিকম্পের সময় ছুটি কাটাতে ছিলেন তুরস্কে।
তুরস্কে হাজারো প্রাণ কেড়ে নেওয়া ভূমিকম্পের ভয়াবহতা চাক্ষুষ দেখা যুক্তরাজ্যের এক পর্যটক একে তুলনা করেছেন পারমাণবিক বোমা ফাটার সঙ্গে।
২৯ বছর বয়সী এই পর্যটকের নাম টিমোথি উইটিং। যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের বাসিন্দা তিনি। সোমবার ভূমিকম্পের সময় ছুটি কাটাতে তিনি ছিলেন তুরস্কে।
ভূমিকম্প হওয়ার মুহূর্তের বর্ণনা দিয়ে বিবিসি- কে টিমোথি বলেছেন, যে অতিথিশালায় তিনি ছিলেন, সেখানে ভয়াবহ কম্পনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। খুবই ভয় পেয়েছিলেন। তবে সেখান থেকে বের হয়ে যেতে পেরেছিলেন।
তিনি বলেন, “আমি দুইতলা ভবনটির দ্বিতীয় তলায় ছিলাম। আমি মনে করি এটি ভাগ্যের ব্যাপার যে, আমাদের মাথার ওপরে ভেঙে পড়ার মতো আর কোনও তলা ছিল না।”
ভয়াবহ ওই মুহূর্তের কথা স্মরণ করে টিমোথি বলেন, তিনি তার চারপাশে বাড়িঘর ভেঙে পড়তে দেখেছেন। মনে হচ্ছিল যেন পারমাণবিক বোমা ফেটেছে। গোটা নগরীই একেবারে ভেঙেচুরে সমান হয়ে গেছে। অথিতিশালার আশেপাশেই ছিল বিশাল পাঁচ/ছয় তলা অনেক ভবন।
টিমোথি ছিলেন আনতাকিয়ার হাতায় নগরীতে। তিনি পায়ে হেঁটে নগরী ছেড়ে যান। পরে একটি গাড়িতে করে টিমোথি যান আদানায়। এখন তিনি সেখানেই আছেন।
ভূমিকম্পের সময়ের কথা বর্ণনা করে তিনি বলেন, “লোকজন সব জায়গা থেকে বেরিয়ে আসছিল। তাদের অর্ধেকই ছিল খালি পায়ে। পুরোপুরি একটা জগাখিচুড়ি অবস্থা দাঁড়িয়েছিল। প্রত্যেকেই ধ্বংসস্তুপের নিচ থেকে মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছিল। কিন্তু এটা স্পষ্টই বোঝা যাচ্ছিল যে, আমরা তাদেরকে টেনে তুলতে পারব না।”
সোমবার স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটিতে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বহু অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়ে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪১৯ জনে দাঁড়িয়েছে।
আঙ্কারা ‘চতুর্থ মাত্রার বিপদসঙ্কেত’ ঘোষণা করেছে, তাতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানো হয়েছে।
