ইউক্রেইনে রাশিয়ার সেনা কোরের ডেপুটি কমান্ডার নিহত
এই নিয়ে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মোট ১২ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর হল।
রাশিয়ার একজন শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীর ১৪তম কোরের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি ইউক্রেইনে নিহত হয়েছেন।
রাশিয়ার ভরোনজ অঞ্চলের গভর্নর আলেকজান্দার গুসেভ জানিয়েছেন, ইউক্রেইনের ‘বিশেষ অভিযান অঞ্চলের একটি যুদ্ধ পোস্টে’ জাভাদস্কির মৃত্যু হয়েছে। তবে গুসেভ আর বিস্তারিত কিছু জানাননি।
ইউক্রেইনের যুদ্ধকে বর্ণনা করতে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ পদটি ব্যবহার করে, জানিয়েছে রয়টার্স।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেইনে আক্রমণ শুরু করেছিল, যাকে তারা ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে আসছে। ইউক্রেইন যুদ্ধ এর দ্বিতীয় বছর পার করার পথে আছে।
অনুসন্ধানী গণমাধ্যম আইস্টোরিজ জানিয়েছে, জাভাদস্কি ইউক্রেইনে নিহত সপ্তম মেজর জেনারেল যার মৃত্যুর কথা রাশিয়া নিশ্চিত করেছে। এই নিয়ে ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার মোট ১২ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মৃত্যুর কথা জানা গেল।
যুদ্ধ যতই এগিয়েছে ঊর্ধ্বতন রুশ সামরিক কর্মকর্তাদের মৃত্যু ততই বিরল হয়ে উঠেছে। জাভাদস্কি আগে রাশিয়ার সেনাবাহিনীর একজন ট্যাঙ্ক কমান্ডার ছিলেন। তিনি অনেক পদকে ভূষিত একজন নামী কর্মকর্তা ছিলেন।
