ভিয়েতনামের কারাওকে বারে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৩২
আগুন থেকে বাঁচতে ৪ ব্যক্তি দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। তারা আহত হলেও বেঁচে গেছেন।
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে হো চি মিন শহরের কাছে একটি কারাওকে বারে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার রাতে কারাওকে কমপ্লেক্সটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়, এতে বারটির ক্রেতা ও কর্মীরা আটকা পড়েন; জানিয়েছে বিবিসি।
আগুন থেকে বাঁচতে চার ব্যক্তি দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। তারা আহত হলেও বেঁচে গেছেন, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
অ্যালার্ম বাজার কিছুক্ষণের মধ্যেই দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে হাজির হন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপত্র কং আন নিয়ান জান সংবাদপত্র জানিয়েছে, ১৭ জন পুরুষ ও ১৫ জন নারীসহ ৩২ জন প্রাণ হারিয়েছেন এটা এখন নিশ্চিত।
এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ভিএনএক্সপ্রেস নিউজ সাইট জানিয়েছে, হতাহতদের খোঁজা শেষ হয়েছে।
জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় বারটিতে প্রায় ৬০ জন মানুষ ছিল।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “বারের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে যেখানে অনেক দাহ্য উপাদান ছিল।”
আন ফু কারাওকে বার ২৯ রুমের একটি বড় ভবনজুড়ে ছিল। আট জনের মৃতদেহ ভবনটির টয়লেটগুলোতে পাওয়া গেছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির এক তৃতীয়াংশ আগুনে পুড়ে গেছে। বারটির ভেতরের অংশ কাঠ ও অন্যান্য উপকরণে সাজানো ছিল।
এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল কর্মীরা জানিয়েছেন।
বুধবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং আগুন লাগার কারণ তদন্ত করে দেখতে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি দেশজুড়ে শহর ও প্রদেশগুলোর কর্তৃপক্ষকে কারওকে বারসহ আগুন লাগার সম্ভাবনা আছে এমন সবগুলো স্থাপনার নিরাপত্তা মান বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।
কারাওকে ভিয়েতনামে জনপ্রিয় হলেও ভ্যেনুগুলোর নিরাপত্তার মান ভালো নয়। গত মাসে হ্যানয়ে আরেকটি কারওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন দমকল কর্মীর মৃত্যু হয়েছিল।
এর আগে ২০১৬-তে হ্যানয়ের আরেকটি কারওকে লাউঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়।
আগের খবর:
