২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে কারওকে বারে অগ্নিকাণ্ডে ১২ মৃত্যু

মঙ্গলবার রাতে হো চি মিন শহরের কাছে বিং জুয়াং প্রদেশের একটি শিল্প কারখানা এলাকার বারটিতে আগুন লাগে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 01:05 PM

Updated : 07 Sep 2022, 01:07 PM

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি কারওকে বারে আগুন লেগে অন্তত ১২ জনের মৃত্যু ও আরও ৪০ জন আহত হয়েছে।

বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে হো চি মিন শহরের কাছে বিং জুয়াং প্রদেশের একটি শিল্প কারখানা এলাকার বারটিতে আগুন লাগে।

এতে যারা আহত হয়েছেন তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিজেকে কুইং হিসেবে পরিচয় দেওয়া এক প্রত্যক্ষদর্শী বলেন, “আগুন লাগার পর আমি অনেক আতঙ্কিত হয়ে পড়ি আর বাঁচার জন্য দৌঁড়ে পালাই। কীভাবে এটি হলো আমি মনে করতে পারছি না।”

বুধবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং আগুন লাগার কারণ তদন্ত করে দেখতে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

তিনি দেশজুড়ে শহর ও প্রদেশগুলোর কর্তৃপক্ষকে কারওকে বারসহ আগুন লাগার সম্ভাবনা আছে এমন সবগুলো স্থাপনার নিরাপত্তা মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাওকে ভিয়েতনামে জনপ্রিয় হলেও ভ্যেনুগুলোর নিরাপত্তার মান ভালো নয়। গত মাসে হ্যানয়ে আরেকটি কারওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন দমকল কর্মীর মৃত্যু হয়েছিল।