আদালতের পথে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডনাল্ড ট্রাম্পই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট, যিনি আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন।
অবৈধভাবে অর্থ দেওয়ার একটি মামলায় আদালতে হাজির হতে লোয়ার ম্যানহ্যাটনের পথে রওয়ানা হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তাকে বহন করা গাড়ি বহর যেনো নির্বিঘ্নে আদালতে পৌঁছাতে পারে তাই নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানায় বিবিসি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট, যিনি আদালতে বিবাদীর কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন।
গত ৩০ মার্চ নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করেন।
ট্রাম্পের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের মূলে রয়েছেন স্টর্মি ড্যানিয়ালস নামে একজন সাবেক পর্ন তারকা। যিনি অভিযোগ করেছেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এব ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ট্রাম্প গোপনে তার আইনজীবীর মাধ্যমে তাকে মোটা অংকের অর্থ প্রদান করেন।
ড্যানিয়ালসের এই অভিযোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসকেই নাড়িয়ে দিয়েছে বলা যায়। যদিও যুক্তরাষ্ট্রের আইনে সাবেক ওই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক থাকা নিয়ে কোনো বাধা নেই। কিন্তু গোল বেঁধেছে গোপনে অর্থ প্রদান নিয়ে।
যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
