বালি বোমা হামলাকারী প্যারলে মুক্ত, অস্ট্রেলিয়ায় ক্ষোভ-আতঙ্ক
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বলছে, উমর এখন আর কারও জন্য হুমকি নন। ভালো আচরণের জন্য কয়েক দফা তার সাজা কমায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
দুই দশক আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত উমর পাটেককে ‘ভালো আচরণের’ কারণে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে। তিনি তার ২০ বছরের কারাদণ্ডের মেয়াদ সবেমাত্র অর্ধেক শেষ করেছেন।
বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অস্ট্রেলীয়রা উমরের মুক্তির তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অনেকেই এই মুক্তির খবরে স্তম্ভিত, হতাশ এবং উদ্বিগ্নও হয়েছেন।
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বলছে, উমর এখন আর কারও জন্য হুমকি নন। ভালো আচরণের কারণে কয়েক দফা তার সাজা কমে যাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
বালির কুটা শহরে ২০০২ সালে দুইটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ বোমা হামলায় ২০২ জন নিহত হয়। যাদের মধ্যে ৮৮ জন ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। মোট ২১টি দেশের নাগরিক সেদিনের সেই হামলায় নিহত হয়েছিলেন।
উমর আল কায়দা সংশ্লিষ্ট জামাহ ইসলামিয়ার (জেআই) সদস্য ছিলেন।
তার বিরুদ্ধে দুই ক্লাবে হামলায় ব্যবহৃত বোমা বানানোর অভিযোগ ওঠে এবং ২০১২ সালে তাদের দোষীসাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১১ সালে পাকিস্তান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
প্যারলে মুক্তি পেলেও উমরকে ২০৩০ সালের এপ্রিল পর্যন্ত ‘একটি নজরদারি প্রকল্পে’ অংশ নিতে হবে বলে বুধবার জানিয়েছে ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়।
বলা হয়েছে, এই সময়ে যদি তিনি প্যারলের কোনো শর্ত লঙ্ঘন করেন তবে তাকে পুনরায় কারাগারে যেতে হবে।
বালির ঘটনা ইন্দোনেশিয়ার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী বোমা হামলার।
উমরকে প্যারলে মুক্তি দেওয়ার ঘটনায় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অস্ট্রেলীয়দের একজন অ্যান্ড্রু সাবি বিবিসি-কে বলেছেন, ‘‘ওই ঘটনার পর আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে।”
হামলায় সাবির কয়েকজন বন্ধু নিহত হয় এবং তিনি আজীবনের জন্য পঙ্গু হয়ে যান।
বালি হামলায় জান ল্যাকজিনস্কি তার পাঁচ বন্ধুকে হারিয়েছেন। তিনি বৃহস্পতিবার বিবিসি বলেন, উমরের মুক্তির খবরে যারা হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন তিনি তাদের একজন।
‘‘ওই ব্যক্তি তার জীবন ফেরত পেয়েছেন। অথচ আমাদের অনেকে আর কখনো নিজেদের জীবন ফিরে পাবে না।
‘‘এটা ভয়ঙ্কর, এটা ভয়ানক, এটা ভুল।”
বালি হামলার মূল পরিকল্পনাকারী বলা হয় আবু বকর বসরিকে। তিনিও গত বছর মুক্তি পান। দোষীসাব্যস্ত হলেও বোম হামলার সঙ্গে তার সরাসরি কোনো সংশ্লিষ্টতা আদালতে প্রমাণ হয়নি।
ল্যাকজিনস্কি বলেন, এবার উমরের মুক্তি পাওয়া ‘আমাদের আরো একটি ব্যর্থতা’।
উমরের মুক্তি আটকাতে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে চেষ্টা-তদবির করা হয়েছিল বলে জানায় বিবিসি। তার মুক্তি আটকাতে ব্যর্থ হলেও দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা উমরের প্যারলের শর্ত অনুসরণ নিশ্চিত করতে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষকে চাপ দেবে।
