২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট

আগামী বছর সেপ্টেম্বরের মধ্যে সেখানে নির্বাচন আয়োজনের জন্যও সরকারকে আদেশ দিয়েছে আদালত।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 11 Dec 2023, 08:22 PM

Updated : 11 Dec 2023, 09:32 PM

ভারতে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এ সিদ্ধান্ত সংবিধানসম্মত বলে আদালত রায় দিয়েছে।

আগামী বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন আয়োজনের জন্যও সরকারকে আদেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে জম্মু ও কাশ্মীরকে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ।

২০১৯ সালের ৫ অগাস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করেছিল কেন্দ্রীয় সরকার। রাতারাতি পূর্ণ অঙ্গরাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়।

আগের জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে মোদী সরকার। স্থানীয় রাজনীতিবিদরা এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছিলেন।

রাষ্ট্রপতির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অনেক মামলা দায়ের হয়েছিল। সব মামলার শুনানি একযোগে শুরু হয় পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে।

২ অগাস্ট থেকে টানা ১৬ দিন শুনানির পর গত ৫ সেপ্টেম্বর রায় দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলারই রায় সোমবার দিয়েছে আদালত। সর্বসম্মত এ রায়ে সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, “৩৭০ অনুচ্ছেদের বিলোপ সম্পূর্ণ সাংবিধানিক এবং বৈধ।”

Image

ছবি: রয়টার্স।

রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করা হয়েছিল। তা ছিল অস্থায়ী ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না।

সংবিধানের ৩৫৬ ধারা মোতাবেক, জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল। তাই জম্মু-কাশ্মীর থেকে কেন্দ্রের ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই।

দীর্ঘ শুনানি শেষে আদালত বলেছে, ৩৭০ ধারা অস্থায়ী ছিল। জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর তাদের সার্বভৌমত্ব ভারতের কাছে সমর্পণ করেছে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। অন্য রাজ্যগুলো থেকে আলাদা কোনও অভ্যন্তরীন সার্বভৌমত্ব জম্মু ও কাশ্মীর রাজ্যের নেই।

সুপ্রিম কোর্টের এ রায়কে ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, এ রায় জম্মু-কাশ্মীর এবং লাদাখের বাসিন্দাদের জন্য আশা, অগ্রগতি এবং একতারই বার্তা বয়ে এনেছে।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ রায়ে হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, কাশ্মীরে যাতে শান্তি বিঘ্নিত না হয়, সে দিকে নজর রাখবে তার দল।

সুপ্রিম কোর্ট জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপকে বৈধ ঘোষণার পাশাপাশি রাজ্যটিতে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের নির্দেশও দিয়েছে। বিচারপতি এসকে কউল আরেক রায়ে এ নির্দেশ দেন।