২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের জন্য আপাতত শেষ সামরিক সহায়তা দিল যুক্তরাষ্ট্র

মার্কিন কংগ্রেসের নতুন কোনও অনুমোদন ছাড়া শেষবারের মতো এই সহায়তা ইউক্রেইনকে দেওয়া হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 06:18 PM

Updated : 28 Dec 2023, 09:03 PM

ইউক্রেইনের জন্য আরেকবার আপাতত ২৫ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে হোয়াইট হাউজ। এখন পর্যন্ত ইউক্রেইনের জন্য অনুমোদন পাওয়া সহায়তার সবশেষ চালান এটি।

এই প্যাকেজের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, ক্ষুদ্রাস্ত্রের জন্য ব্যবহৃত গোলাবারুদ এবং ট্যাংক-বিধ্বংসী গোলাবারুদ আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মার্কিন কংগ্রেসের নতুন কোনও অনুমোদন ছাড়া শেষবারের মতো এই সহায়তা ইউক্রেইনকে দেওয়া হচ্ছে।

এরপরও রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য ইউক্রেইনকে সহায়তা দিয়ে যেতে হলে কংগ্রেসের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে প্রেসিডেন্ট জো বাইডেনকে, যেখানে এই সহায়তার প্রশ্নে ইতোমধ্যেই স্থবির হয়ে আছে আলোচনা।

ইউক্রেইন সতর্ক করে বলেছে, আরও পশ্চিমা সাহায্য তাড়াতাড়িই না পাওয়া গেলে তাদের যুদ্ধ প্রচেষ্টা এবং সরকারি তহবিল ঝুঁকিতে পড়বে।

ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা থমকে থাকায় এবং লাইন অব কন্ট্রোল কিছুটা পরিবর্তন হয়ে যাওয়ায় ইউক্রেইনের কর্মকর্তারা ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্র দেশগুলো থেকে ধীরগতিতে সাহায্য পাওয়ার মুখে আছে।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেইনের যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে কংগ্রেসে ব্যাপক সমর্থন থাকলেও সেখানে ইউক্রেইনকে সহায়তা দেওয়া নিয়ে চুক্তি হওয়া অনিশ্চিত।

এ মাসের শুরুর দিকে সেনেটের রিপাবলিকানরা ইউক্রেইনের জন্য ৫ হাজার কোটি ডলারের একটি জরুরি সহায়তা বিল আটকে দিয়েছিল। বরং তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসন ঠেকানোর জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিল।

বিরোধী রিপাবলিকান আইনপ্রণেতারা বলছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেইন যুদ্ধ দীর্ঘায়িত করছেন বাইডেন। জয়ের জন্য তার সুস্পষ্ট কোনও কৌশলও নেই।