ইউক্রেইন যুদ্ধের জন্য রাশিয়াকে দোষারোপ নয়: পুতিন
টিভিতে এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেইনকে ‘ভাতৃতুল্য একটি দেশ’ হিসাবেই দেখেন।
ইউক্রেইন যুদ্ধের জন্য রাশিয়াকে দোষ দেওয়া যায় না বলেই বিশ্বাস করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশই বিপর্যয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
বিবিসি জানায়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে টিভিতে এক ভাষণে পুতিন বলেছেন, তিনি ইউক্রেইনকে ‘ভাতৃতুল্য একটি দেশ’ হিসাবেই দেখেন।
সেখানে যে সংঘাত চলছে সেটি রাশিয়ার নীতির কারণে নয়, বরং তা তৃতীয় দেশগুলোর নীতিরই ফল; বলেন পুতিন।
ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর কারণ হিসাবে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্প্রসারণের যে তত্ত্ব আছে, তা রাশিয়ার বাইরে বরাবরই নাকচ হয়েছে।
পশ্চিমারা ইউক্রেইন থেকে শুরু করে সোভিয়েত পরবর্তী সব রিপাবলিকগুলোর ‘মগজধোলাই’ করেছে বলে পুতিন দাবি করেছেন।
তিনি বলেন, “বছরের পর বছর ধরে আমরা ইউক্রেইনের সঙ্গে ভাল-প্রতিবেশীসুলভ সম্পর্ক গড়তে চেষ্টা করছি। তাদেরকে ঋণ এবং সস্তা জ্বালানি সরবরাহের প্রস্তাব দিচ্ছি। কিন্তু তা কাজে আসছে না।”
“এখানে আমাদেরকে দোষারোপ করার কিছু নেই। আমরা সবসময়ই ইউক্রেইনের মানুষজনকে ভাতৃতুল্য হিসাবেই দেখেছি এবং এখনও সেটিই মনে করি।”
“এখন সেখানে যা চলছে তা এক ট্র্যাজেডি। কিন্তু এটি আমাদের দোষ নয়।”
