২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরু: মার্কিন রাষ্ট্রদূতের তীব্র সমালোচনা মেক্সিকোর প্রেসিডেন্টের

লাতিন আমেরিকার আরেক বামপন্থি প্রেসিডেন্ট মেক্সিকোর লোপেজ ওব্রাদর, ক্যাস্তিয়োকেই পেরুর ‘বৈধ প্রেসিডেন্ট’ বলে দাবি করেছেন।

পেরু: মার্কিন রাষ্ট্রদূতের তীব্র সমালোচনা মেক্সিকোর প্রেসিডেন্টের

সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 03:28 PM

Updated : 17 Dec 2022, 03:28 PM

নির্বাচিত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করার পর সৃষ্ট সহিংস প্রতিবাদ নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করায় পেরুর সমালোচনা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর; পাশাপাশি দেশটির নতুন নেতার সঙ্গে বৈঠক করায় লিমায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতেরও তীব্র সমালোচনা করেছেন তিনি।

গত সপ্তাহে পেরুর কংগ্রেস অভিশংসনের মাধ্যমে দেশটির বামপন্থি প্রেসিডেন্ট ক্যাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করে, এরপর কংগ্রেস ভেঙ্গে দেওয়ার চেষ্টার দায়ে ক্ষমতা হারানো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে। তারপর থেকে সরকারি হেফাজতে বন্দি আছেন তিনি।

ক্যাস্তিয়োই পেরুর বৈধ প্রেসিডেন্ট, লাতিন আমেরিকার আরেক বামপন্থি প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পেরুতে জরুরি অবস্থা জারি করায় দেশটির পুলিশ নাগরিক অধিকার সীমিত করার বিধিনিষেধ জারির বিশেষ ক্ষমতা পেয়েছে। দেশটির এ পরিস্থিতিকে ওব্রাদর ‘অবরুদ্ধ অবস্থা’ বলে বর্ণনা করেছেন।   

নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবশ্যই বল প্রয়োগ করা উচিত না, জনগণকে দমন করা উচিত না এবং স্বাধীনতা নিশ্চিত করতে হবে।”  

ক্যাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের সঙ্গে বৈঠক করায় তিনি পেরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিসা কেনার তীব্র সমালোচনা করেন।

সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, “আপনাদের কাছে মনে হচ্ছে না এটি অহংকারের প্রদর্শনী, এগুলো কীভাবে করতে হয় তার প্রতি সম্মান জানানোর ব্যর্থতা?”

পরে ওব্রাদর প্রশ্ন করে বলেন, পেরুতে তাদের কর্মকর্তারা কী করছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার কী সচেতন ছিল?

“এমন হতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি) ব্লিংকেন হয়তো এ বিষয়ে জানেন না এবং দূতাবাসটিই এর জন্য দায়ী থাকবে। কারণ বিশেষভাবে লাতিন আমেরিকার ক্ষেত্রে তারা সবসময় এভাবেই করেছে,” বলেছেন তিনি।

মেক্সিকো সরকার জানিয়েছে, ক্যাস্তিয়োকে তাদের দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে পেরুর কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে। 

আরও খবর:

পুরনো খবর:

ক্যাস্তিয়োর অভিশংসনের প্রতিবাদে পেরুজুড়ে সহিংসতায় নিহত ২