২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পৌঁছল চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

পান্ডাগুলো চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু থেকে যাত্রা করার পর রোববার একটি ফেডেক্স ফ্লাইটে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছায়।

যুক্তরাষ্ট্রে পৌঁছল চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

পান্ডা পিং পিং। ছবি: গ্লোবাল টাইমস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 06:12 PM

Updated : 27 Sep 2026, 06:20 PM

পিং পিং এবং ফু শুয়াং নামের দুটি চীনা জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে। বিদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র আওতায় ধার হিসেবে এই পান্ডা পাঠানো হয়েছে।

পান্ডাগুলোকে এখন শহরের চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে। আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যম সিএনএন এর সাংবাদিক দল এ খবর জানিয়েছে।

পান্ডাগুলো চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু থেকে উড়ে আসার পর রোববার একটি ফেডেক্স ফ্লাইটে আটলান্টায় পৌঁছায়। ফেডেক্সের এক মুখপাত্র এর আগে সিএনএন-কে বলেছিলেন যে, জায়ান্ট পান্ডা নিরাপদে পরিবহনের ক্ষেত্রে কোম্পানির দীর্ঘ ইতিহাস রয়েছে।

আটলান্টায় চিড়িয়াখানায় পিং পিং নামের পুরুষ এবং ফু শুয়াং নামের মাদি পান্ডাটির আগমন বেশ ধুমধাম করেই ঘটছে, বিশেষ করে যেহেতু এই প্রজাতির প্রাণী যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানাগুলোতে বেশ বিরল। পান্ডা দুটি সেখানে ১০ বছর থাকবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, পান্ডাগুলো স্থানীয় সময় রোববার ভোর ২ টা ৫৫ মিনিটে দক্ষিণ-পশ্চিম চীনের চেংদু থেকে রওনা হয়েছে।

পান্ডাদের এই যাত্রা তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের ঠিক পরদিনই এই পদক্ষেপ এল।

বৈঠকে দুই রাষ্ট্রনেতাই বাণিজ্য যুদ্ধ সাময়িক স্থগিত রাখা এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সংক্রান্ত হটলাইন চালুর বিষয়ে রাজি হয়েছিলেন। জিনপিং তার সফরে জায়েন্ট পান্ডাকে দুই দেশের মেত্রী ও সৌহার্দ্যের ‘অনন্য দূত’ হিসেবে অভিহিত করেন।

দুটি বিশেষ ক্র্যাটে ভরে পান্ডা দুটিকে বিমানে তোলা হয়। সফরকে স্মরণীয় করে রাখতে চেংদু রিসার্চ বেসে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করেছিল অনুগামীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে উৎসাহীদের ভিড় দেখা যায় বিমানবন্দর সংলগ্ন রাস্তায়।

দীর্ঘ ১৫ ঘণ্টার যাত্রাপথে পান্ডাগুলোর সঙ্গে ছিলেন একদল প্রবীণ চিনা পশু চিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রে পান্ডাগুলোর কোয়ারেন্টাইন পর্ব চলাকালেও তারা প্রাণীগুলোর যত্ন নেবেন।

পান্ডা দুটির বৈশিষ্ট্য নজরকাড়া। 'পিং পিং' নামের অর্থ শান্তি। এই পান্ডার জন্ম হয়েছিল ২০২০ সালের, ১৭ মার্চ। গাছে চড়তে ওস্তাদ এবং সাহসী এই পুরুষ পান্ডা আপেল খাওয়ার জন্য বিশেষ ভঙ্গিতে দৃষ্টি আকর্ষণ করে।

অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেয় ‘ফু শুয়াং’। মাথার বিশেষ এক গুচ্ছ পশম ও মধুপ্রেমের জন্য পরিচিত এই নারী পান্ডাটি খুব দ্রুত খাবার খুঁজে বের করতে পারে।

বয়স, স্বাস্থ্য, বংশগতি ও চারিত্রিক গঠন পর্যবেক্ষণ করে এদের নির্বাচন করা হয়েছে, যাতে ভবিষ্যতে তারা প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি করতে পারে।

আটলান্টা চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুই নতুন অতিথির জন্য তাদের আস্তানা আরও বড় করার পাশাপাশি প্রচুর পরিমাণে বাঁশের জোগান নিশ্চিত করেছে।

অতীতেও এই চিড়িয়াখানা 'লুন লুন' ও 'ইয়াং ইয়াং' নামের দুটি পান্ডার ৭টি ছানার জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব ফিরিয়ে আনাই এই কূটনৈতিক পদক্ষেপের লক্ষ্য বলে মনে করছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞরা।