তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে গৃহহীনদের দুর্দশা বাড়ছে, মৃত ১৯,০০০ ছাড়িয়েছে
ঠান্ডায় জমে যাওয়া আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে কিংবা গাড়ির ভেতরে তৃতীয় রাত পার করেছে তুরস্ক এবং সিরিয়ার বহু মানুষ।
স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার গৃহহীন হওয়া লাখো মানুষের দুর্দশা বাড়ছে। সাহায্যের জন্য আরও মরিয়া হয়ে উঠেছে তারা। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তুপ থেকে জীবিত আর কাউকে উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।
ঠান্ডায় জমে যাওয়া আবহাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে কিংবা গাড়ির ভেতরে তৃতীয় রাত পার করেছে তুরস্ক এবং সিরিয়ার বহু মানুষ। ভূমিকম্পে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে কিংবা হেলে পড়েছে। সেখানে আর ফিরে যাওয়ার সাহস নেই কারও।
বাড়িঘর ছাড়া হওয়া এই মানুষদের অনেকেই সুপারমার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায়, মসজিদে, রাস্তার ধারে কিংবা ধ্বংসস্তুপের মধ্যে অস্থায়ী তাঁবু গেড়ে আশ্রয় নিয়ে আছে। খাবার, পানি এবং শীতের মধ্যে একটু ঊষ্ণতা পাওয়ার জন্য তারা মরিয়া।
কেমালপাসা শহরের কাছে একটি গ্যাস স্টেশনে কার্ডবোর্ড বক্সে করে অনুদান হিসাবে দিয়ে যাওয়া কাপড় তুলে নিচ্ছে অনেকে।
বন্দরনগরী ইস্কেনদুরানে রয়টার্সের সাংবাদিকরা দেখেছেন, মানুষজন রাস্তার ধারে, অর্ধ ধসে যাওয়া গ্যারেজ এবং গুদামঘরের কাছে আগুন পোহাচ্ছে। সেখানে আলো বলতে কেবল ধ্বংসস্তুপ সরাতে ব্যবহার করা ক্রেনের ওপর ফেলা স্পটলাইট।
কর্তৃপক্ষের হিসাবমতে, তুরস্কে ভূমিকম্পে প্রায় ৬ হাজার ৫০০ ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অগণিত ভবন। ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বাস।
তুরস্কের মারাস শহরে লোকজন ব্যাংকের ভেতরে শিবির গেড়ে অবস্থান নিয়েছে। অন্য আরও অনেকেই প্রধান সড়কের মাঝখানের ঘাস লাগানো জায়গায় অবস্থান নিয়েছে। আগুন জ্বালিয়ে তারা গরম করছে ইন্সট্যান্ট সুপ, কম্বল মুড়ি দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করছে শীত থেকে।
আনতাকিয়ায় একটি পার্কে তুর্কি রেড ক্রিসেন্ট ৩০ টি তাঁবু গেড়েছে। সবগুলো তাঁবুই লোকে গাদাগাদি। বহু মানুষ তাদের গাড়ির ভেতরে রাত কাটিয়েছে।
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় জান্দারিস শহরে ইব্রাহিম নামের এক বাসিন্দা পরিবারের হারানো সদস্যদের মৃতদেহ নেওয়ার জন্য কাঁধে ব্যাগ নিয়ে ঘুরছেন। উদ্ধারকারীরা কখন তাদের দেহ উদ্ধার করে আনে সেই অপেক্ষায় আছেন। তিনি বলেন, “পরিস্থিতি খুবই খারাপ। এখানে কোনও সাহায্য নেই।”
ভূমিকম্পে তুরস্কে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে হয় ১৬,৫৪৬। আর প্রায় ১২ বছরের গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ভূমিকম্প কেড়ে নিয়েছে ৩ হাজারের বেশি মানুষের প্রাণ। দুই দেশে মৃতের সংখ্যা সব মিলিয়ে ১৯ হাজার পেরিয়ে গেছে।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, পশিচমের আদানা থেকে পূর্বের দিয়ারবাকির পর্যন্ত মোটামুটি ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) এলাকার প্রায় ১ কোটি ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সিরিয়ায় ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের হামা শহর পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে।
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তুরস্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লাখ লাখ গৃহহীন মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
নগরীর কেন্দ্রস্থলে এবং স্টেডিয়ামগুলোতে তাঁবু খাটানো হচ্ছে। তাছাড়া, ভূমিকম্প এলাকার বাইরে ভূমধ্যসাগরীয় এবং এজিয়ান সাগরের সৈকতে গ্রীষ্মকালীন রিসোর্টগুলো গৃহহীন মানুষদের আশ্রয় দিতে হোটেলরুম খুলে দিচ্ছে।
তুরস্কজুড়ে হোটেলগুলোতে ১০ হাজার কক্ষ ভূমিকম্পে বেঁচে যাওয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে। এইসব হোটেলকক্ষ মূলত আনতালিয়া, মারমারিস, ফেথিয়ে, বদরুম, আজমির এবং কাপাদোসিয়ার রিসোর্টের।
