২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মিলাদুন্নবীর শোভাযাত্রায় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৫২

হাসপাতালগুলোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 08:32 AM

Updated : 28 Oct 2023, 03:54 PM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর শোভযাত্রার প্রস্তুতির সময় ভিড়ের মধ্যে বিস্ফোরণে অন্তত ৫২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

দেশটির ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, শুক্রবার মাসতুং জেলার আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে জড়ো হওয়া লোকজনের মধ্যে বিস্ফোরণটি হয়, এতে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। পুলিশের ধারণা, এটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’।

হতাহতের সংখ্যা ডনকে নিশ্চিত করেছেন শহীদ নওয়াব গউস বক্স রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাঈদ মিরওয়ানি।

মাসতুংয়ের সহকারী কমিশনার আত্তাউল মুনিম জানান, ডিএসপি নওয়াজ গিশকোরির গাড়ির পাশে বিস্ফোরণটি ঘটে, তিনি শোভাযাত্রার পাশেই অবস্থান নিয়ে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কিছু ভিডিও ও ছবিতে বিস্ফোরণের পরের দৃশ্য উঠে এসেছে। বহু রক্তাক্ত মৃতদেহ ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহের অঙ্গ ছড়িয়ে থাকতে দেখা গেছে সেখানে। লোকজন জড়ো হয়ে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাসতুংয়ের ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সঙ্কটজনক অবস্থায় থাকা আহতদের কোয়েটায় পাঠানো হচ্ছে। হাসপাতালগুলোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ বিস্ফোরণের জন্য দায়ীদের গ্রেপ্তার করতে বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আলি মারদান দোমকি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষগুলোকে নিদের্শ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। সংবাদসূত্র: ডন, রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)