যুক্তরাষ্ট্রের রক্ত বিষাক্ত করছে অবৈধ অভিবাসীরা: ট্রাম্প
নিউ হ্যাম্পশায়ারে শনিবার নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়ে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত বিষাক্ত করছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়ে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।
এর আগেও ট্রাম্পের একই ভাষায় করা একটি মন্তব্যের জন্য তিনি জেনোফোবিক (বিদেশি আতঙ্ক) এবং নাৎসি কথার প্রতিধ্বনি করছেন বলে তার সমালোচনা করা হয়েছিল।
শনিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রেকর্ড সংখ্যক অভিবাসীর অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রমের চেষ্টার বিরুদ্ধে সমাবেশ করেন।
দ্বিতীয়বারের মতো চার বছর মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসন রোধ করা এবং বৈধ অভিবাসনের ওপর কড়াকড়ি আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
নিউ হ্যাম্পশায়ারের ডারহাম নগরীতে কয়েক হাজার সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প বলেন, “তারা (অভিবাসীরা) আমাদের দেশের রক্ত বিষাক্ত করছে।
তিনি বলেন, “দক্ষিণ আমেরিকা-সহ এশিয়া এবং আফ্রিকা থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসছে। সারা বিশ্ব থেকে তারা আমাদের দেশে এসে ভিড় জমাচ্ছে।”
ট্রাম্প এর আগে ‘দ্য ন্যাশনাল পালস’ নামের ডান-পন্থি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে একইভাবে ‘রক্ত বিষাক্ত করা’ ভাষাটি ব্যবহার করেছিলেন। গত সেপ্টেম্বরের শেষ দিকে সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর অ্যান্টি-ডিফামেশন লীগ থেকে এর সমালোচনা করা হয়।
অ্যান্টি-ডিফেমেশন লীগের নেতা জোনাথন গ্রিনব্ল্যাট ট্রাম্পের ওই মন্তব্যকে ‘বর্ণবাদী, জেনোফোবিক এবং ঘৃণ্য’ আখ্যা দিয়েছিলেন।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ফ্যাসিবাদ বিষয়ক বইয়ের লেখক জ্যাসন স্ট্যানলি বলেন, ট্রাম্পের বারবার এই একই ধরনের ভাষা ব্যবহার বিপজ্জনক। তার কথায় জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। কারণ, হিটলারও তার রাজনৈতিক গ্রন্থ ‘মাইন ক্যাম্ফ’-এ ইহুদিরা জার্মান রক্ত বিষাক্ত করছে বলে সতর্ক করেছিলেন।
স্ট্যানলি বলেন, “তিনি (ট্রাম্প) এখন সভা-সমাবেশে বারবার একই কথা বলছেন। বিপজ্জনক কথা বার বার বলা হলে তা একসময় স্বাভাবিক হয়ে যায় এবং সেটি বাস্তবায়িত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই এমন কথা যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক।”
গত অক্টোবরে ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের মুখপাত্র স্টিভেন সাবেক এই প্রেসিডেন্টের ‘কাণ্ডজ্ঞানহীন’ ভাষার বক্তব্য নিয়ে সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, বিভিন্ন বই, সংবাদ প্রতিবেদন ও টিভিতে একই ভাষা প্রচলিত।
তবে শনিবার ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্টিভেন তাৎক্ষণিক কোনও জবাব দেননি।
