চার দশকে সর্বোচ্চ মূল্যস্ফীতির মধ্যে যুক্তরাজ্যে আসছে ‘কঠোর’ বাজেট
বাজেটে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে কর বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যয় হ্রাসের ঘোষণা আগেই দিয়েছেন অর্থমন্ত্রী জেরেমি হান্ট।
যুক্তরাজ্যে ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে খাদ্য পণ্য এবং আবাসিক বিদ্যুৎ বিলের পেছনে খরচ অস্বাভাবিক রকম বেড়ে গেছে।
এরমধ্যেই বৃহস্পতিবার ‘কঠোর কিন্তু প্রয়োজনীয়’ বাজেট নিয়ে আসছেন দেশটির নতুন সরকারের অর্থমন্ত্রী জেরেমি হান্ট।
যে বাজেটে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে কর বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যয় হ্রাস করা হবে হান্ট আগেই ঘোষণা দিয়েছেন।
বাজেট ঘোষণার একদিন আগে বুধবার জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) থেকে প্রকাশিত তথ্যে দেখা গেছে, অক্টোবর পর্যন্ত গত ১২ মাসে যুক্তরাজ্যে ভোক্তা পণ্যের দাম ১১ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে। যা ১৯৮১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। সবচেয়ে বড় উল্লম্ফন হয়েছে সেপ্টেম্বর মাসে, ১০ দশমিক ১ শতাংশ।
ওএনএস জানায়, যুক্তরাজ্যে এখন একটি পরিবারকে বাড়িতে জ্বালানি বিল হিসেবে গড়ে বছরে আড়াই হাজার পাউন্ড ব্যয় করতে হচ্ছে।
পরিসংখ্যান কার্যালয়ের তথ্য প্রকাশের পর এক বিবৃতিতে হান্ট বলেন, ‘‘দেশের আর্থিক অবস্থা নিয়ে দায়িত্বশীল আচরণ করে ব্যাংক অফ ইংল্যান্ডকে দেশের মুদ্রাস্ফীতি তাদের নির্দিষ্ট সীমার মধ্যে ফিরিয়ে আনতে সাহায্য করা আমাদের সবার কর্তব্য।”
বিশ্লেষকরা বলছেন, ব্যাপক মূল্যস্ফীতি ব্যাংক অব ইংল্যান্ডের উপর সুদের হার বাড়াতে চাপ দিয়ে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার যে কঠোর বাজেট ঘোষণার কথা বলা হচ্ছে সেটির কারণে ঋণ নেয়ার খরচ কম বাড়াতে হতে পারে।
এ বিষয়ে ইনভেস্টেকের অর্থনীতিবিদ এলি হেন্ডারসন বলেন, ‘‘যুক্তরাজ্য একটি মোটামুটি অনন্য পরিস্থিতিতে রয়েছে। যেখানে সরকার তার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তার জন্য একটি বিশাল কর্মসূচির পরিকল্পনা করছে।
‘‘প্রস্তাবিত কঠোর বাজেট নিঃসন্দেহে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেনে আনবে এবং একইসঙ্গে মূল্যস্ফীতিও কমিয়ে আনবে। এটি ব্যাংক অব ইংল্যান্ডের সামনে কম আক্রমণাত্মক গতিতে কঠোর নীতি গ্রহণের দরজা খুলে দেবে।”
তবে জে পি মরগান অ্যাসেট ম্যানেজমেন্টের বৈশ্বিক বাজার কৌশলবিদ মাইক বেল বলেন, ‘‘বুধবার প্রকাশিত ওএনএস-র দেখে মনে হচ্ছে শ্রম বাজারে শ্রমিক সংকটের কারণে মূল্যস্ফীতির উপর যে চাপ তৈরি হচ্ছে সেটাকে সেখানে তেমন গুরুত্ব দেয়া হয়নি। এবং ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার সম্ভবত বর্তমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৪ দশমিক ৫ শতাংশ করতে পারে।”
নিম্নআয়ের মানুষ ভুগছে বেশি:
মূল্যস্ফীতির এই যে চাপ তাতে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে নিম্মআয়ের মানুষদের।
যুক্তরাজ্যে গত বছরের তুলনায় দুধের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। পাস্তার ৩৪ শতাংশ, বাটারের ৩০ শতাংশ এবং চিজের ২৭ শতাংশ দাম বেড়েছে।
ওএনএস বলছে, নিম্মআয়ের মানুষদের জ্বালানি বিল এবং খাবার কিনতেই আয়ের একটি বড় অংশ ব্যয় করতে হচ্ছে। তাদের জন্য মূল্যস্ফীতির হার ১১ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ধনীদের বেলায় মূল্যস্ফীতির হার কিছুটা কম, ১০ দশমিক ৫ শতাংশ।
