নির্বাচনী প্রচারে সিনেমার গান বাজিয়ে বিপাকে ভারতীয় কংগ্রেস
একটি সংগীত প্রতিষ্ঠান মেধাস্বত্ব (কপিরাইট) আইনে মামলা করার পর বেঙ্গালুরুর একটি আদালত দলটির টুইটার একাউন্ট সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।
নির্বাচনী প্রচারে কন্নড় ভাষার জনপ্রিয় সিনেমা কেজিএফ-২র গান বাজিয়ে বিপাকে পড়েছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। একটি সংগীত প্রতিষ্ঠান মেধাস্বত্ব (কপিরাইট) আইনে মামলা করার পর বেঙ্গালুরুর একটি আদালত দলটির টুইটার একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে গত ৮ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করে কংগ্রেস। তিন হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশ্মীরের শ্রীনগরে ওই যাত্রা শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত তামিলনাড়ু, কেরালা, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র পর্যন্ত এই কর্মসূচি হয়েছে।
গত মাসে কর্নাটকে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই যাত্রার ভিডিওগুলোতে কেজিএফ-২ এর গান বাজানো হয়। যে গানগুলির মেধাস্বত্ব দাবি করে সংগীত প্রতিষ্ঠান এমআরটি রাহুল গান্ধীসহ কংগ্রেসের তিন নেতার বিরুদ্ধে মামলা করে।
এমআরটি-র ব্যবস্থাপক এম নাভিন কুমার ওই মামলা করেন। মঙ্গলবার ওই মামলার রায় দেয়া হয়। কংগ্রেসের টুইটার একাউন্ট সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেয়ার পাশপাশি আদালত থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ ক্যাম্পেইনের টুইটার একাউন্টও সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, তারা আদালতের কার্যক্রমের বিষয়ে অবহিত নয় এবং আদেশের কোনো অনুলিপি পায়নি।
‘‘আইএনসি (ভারতীয় জাতীয় কংগ্রেস) এবং বিজেওয়াইয়ের (ভারত জোড়ো যাত্রা) সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে বেঙ্গালুরু আদালতের একটি আদেশের বিষয়ে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। আমরা আদালতের কার্যক্রম সম্পর্কে অবগত বা উপস্থিত ছিলাম না। আদেশের কোনো অনুলিপিও পাওয়া যায়নি। আমাদের দিক থেকে আমরা সব রকম আইনি প্রতিকার অনুসরণ করছি।”
আদালত থেকে বলা হয়, সংগীত প্রতিষ্ঠানটি প্রমাণ হিসেবে একটি সিডি আদালতে উপস্থাপন করেছে। যেখানে গানগুলোর মূল মেধাস্বত্ব সংস্করণের সঙ্গে ‘বেআইনিভাবে নিজেদের উপযোগী করে ব্যবহার করা’ সংস্করণটি মিলিয়ে দেখা হয়েছে।
‘‘আদালতে যেসব প্রমাণ উপস্থাপন করা হয়েছে তাতে কংগ্রেসের কাণ্ড সংগীত প্রতিষ্ঠানটিকে অপূরণীয় ক্ষতির মধ্যে ফেলতে পারে এবং এ ধরনের কর্মকাণ্ড মেধাস্বত্ব চুরিকে উৎসাহিত করবে।”
এনডিটিভি জানায়, সংগীত প্রতিষ্ঠান এমআরটির পক্ষ থেকে প্রথম বেঙ্গালুরুর যশবন্তপুর থাকা এ বিষয়ে এফআইআর করা হয়।
ওই এফআইআরে বলা হয়, কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটারে যাত্রার দুটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে অনুমতি ছাড়াই কেজিএফ-২ জনপ্রিয় গানগুলো ব্যবহার করা হয়েছে।
