ভারতে রেস্তোরাঁর মাউথফ্রেশনারে শুষ্ক বরফ, মুখে দিতেই রক্ত-বমি
হরিয়ানার গুরুগ্রাম এলাকার একটি রেস্তোরাঁয় ঘটেছে এ ঘটনা৷ পুলিশ রেস্তোরাঁর ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।
নৈশভোজের পর রেস্তোরাঁয় পরিবেশন করা মাউথফ্রেশনার বা মুখশুদ্ধি মুখে দিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন সেখানে খেতে আসা পাঁচ জন ৷
খাওয়ার পর রেস্তোঁরা ছাড়ার আগে তারা মাউথফ্রেশনার মুখে নিয়েছিলেন। সেটি চিবোনোর সঙ্গে সঙ্গেই মুখ জ্বলতে শুরু করে। বমি শুরু হয়। বমির সঙ্গে রক্তও বের হয়। তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
হরিয়ানার গুরুগ্রাম এলাকার একটি রেস্তোরাঁয় ঘটেছে এ ঘটনা৷ পুলিশ মঙ্গলবার ওই রেস্তোরাঁর ম্যানেজারকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত কুমার গুরুগ্রামের নামকরা ওই রেস্তরাঁয় স্ত্রী এবং বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন। খাওয়ার পর রেস্তোরাঁর ওয়েটার মাউথফ্রেশনার দেন ৷ তাতে শুকনো বরফ মেশানো ছিল ৷ সেটি মুখে দেওয়া মাত্রই মুখ জ্বালা, বমি, রক্তপাত শুরু হয়।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, আক্রান্তরা ব্যথায় চিৎকার করছে। কেউ কেউ মুখে বরফ গুঁজে দিচ্ছে এবং জ্বালা কমাতে পানি গিলছে।
ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ করেন গ্রেটার নয়ডার ওই বাসিন্দা ৷ পরে পুলিশ জানায়, মাউথ ফ্রেশনারের প্যাকেটটি এক চিকিৎসক পরীক্ষা করেছেন। সেই চিকিৎসকই নিশ্চিত করে জানিয়েছেন যে, সেটি ছিল শুষ্ক বরফের (ড্রাই আইস) প্যাকেট ৷
ড্রাই আইস বা শুকনো বরফ হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ। এটি স্বাভাবিক বরফের তুলনায় দীর্ঘ সময় ঠান্ডা থাকতে পারে। এর বিশেষত্ব হল, এটি পানি দিয়ে তৈরি করা হয় না। এর মধ্যে থাকে অ্যাসিড। যা মানুষের দেহে বিষের সমতুল্য।
এ বরফ গলে গেলে পানির পরিবর্তে ধোঁয়া বের হয়। শুকনো বরফ শিপিংয়ের সময় ওষুধ সংরক্ষণ করা এবং এয়ারলাইন ক্যাটারিংয়ে খাবারকে টাটকা রাখাসহ নানা কাজে ব্যবহার করা হয়।
পুলিশ বিষপ্রয়োগের অভিযোগে রেস্তোরাঁর ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং মুখশুদ্ধির উপাদানগুলোর ফরেনসিক বিশ্লেষণ চলছে বলে পুলিশ জানিয়েছে।
