০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনির লাশের উপর দিয়ে গাড়ি চালালো ইসরায়েলি বাহিনী

এই ঘটনা ‘ঘৃণা এবং চরমপন্থার সংস্কৃতিকে’ প্রতিফলিত করেছে বলে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

রয়টার্স

Published : 10 Jan 2024, 08:14 PM

Updated : 10 Jan 2024, 08:14 PM

পশ্চিম তীরের তুলকারম শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনী অভিযানে তাদের গুলিতে নিহত এক ফিলিস্তিনির লাশের উপর দিয়ে বেশ কয়েকবার গাড়ি চালিয়ে দেয়।

একাধিক সিকিউরিটি ক্যামেরায় পৌচাশিক ওই কাণ্ড ধরা পড়ছে। যে ভিডিওগুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

গত সোমবার ইসরায়েলের সীমান্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাদের কমান্ডরা একজন পলাতক জঙ্গিকে ধরতে তুলকারমে অভিযান চালায়। সেখানে জঙ্গিদের সঙ্গে তাদের সংঘর্ষে তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়।

সোমবারের ওই অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের বেলা ইসরায়েলি বাহিনী একটি বাড়ির সামনে হাজির হয়ে সেখানে থাকা একদল তরুণের উপর সরাসরি গুলিবর্ষণ শুরু করে। সঙ্গে সঙ্গে ওই তরুণরা পালিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে সড়ক ধরে দৌড়াতে থাকে। তাদের অন্তত একজনের কাছে একটি রাইফেল ছিল।

সড়কে দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তাদের আর নড়াচড়া করতে দেখা যায়নি। অন্য কোণ থেকে নেওয়া আরেকটি ফুটেজে তৃতীয় আরেক ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে পড়ে যেতে দেখা যায়।

ফুটেজে আরো দেখা যায়, ইসরায়েলি বাহিনীর একটি গাড়ি মাটিতে পড়ে থাকা দুই তরুণের মৃতদেহের কাছে যায় এবং একটি লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।

ভিডিওতে আরো দেখা যায়, পরে কোনো এক সময় একটি মৃতদেহ সড়ক থেকে পাশে সরিয়ে নেওয়া হয় এবং আরেকটি গাড়ি পেছন দিকে চলতে চলতে ওই মৃতদেহটিকে দুইবার মাড়িয়ে দেয়।

এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে সীমান্ত পুলিশের একজন মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন। রয়টার্স থেকে সেখানে যাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্য একটি ক্যামেরায় একই ঘটনার কিছুক্ষণ আগের মুহূর্ত ধরা পড়ে। সেখানে দেখা যায়, এক দল ফিলিস্তিনি ওই বাড়ি থেকে দৌড়ে বের হয়ে আসছেন। দৌড়াতে দৌড়াতেই তাদের একজন অন্য একজনের হাতে একটি রাইফেল তুলে দেয়।

ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বলেছে, নিষ্ঠুর এই ঘটনা ‘ঘৃণা এবং চরমপন্থার সংস্কৃতিকে’ প্রতিফলিত করছে।