জাপানে নদীর পানি লাল, উদ্বিগ্ন অধিবাসীরা
খাবারের রঙ ছড়িয়ে পড়ে পানি লাল হয়েছে। বাসিন্দাদের উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলার জন্য ক্ষমা চেয়েছে বিয়ার কারখানা ওরিয়ন ব্রিউয়ারিজ।
জাপানের একটি বন্দরের পানি হঠাৎ লাল হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা তা দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাটি জাপানের ওকিনাওয়ার নাগো সিটিতে ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
বিয়ার কারখানা ওরিয়ন ব্রিউয়ারিজ জানায়, তাদের কারখানায় ফুটো হয়ে খাবারে ব্যবহৃত রং ছড়িয়ে পড়াতেই নদীর পানি লাল হয়ে গেছে।
সেখানকার বাসিন্দাদের উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলার জন্য কারখানাটি ক্ষমা চেয়েছে এবং এ রঙে কোনও স্বাস্থ্য ঝুঁকি নেই বলে নিশ্চিত করে জানিয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এই রক্তলাল পানিকে ‘ভয়াবহ’ বলেছেন। কেউ আবার লিখেছেন, এ পানি দেখে ‘বিষাক্ত’ মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, প্রোপিলিন গ্লাইকল খাবারে ব্যবহারের জন্য সাধারণত নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়।
এই প্রোপিলিন গ্লাইকল পানিতে ছড়িয়ে পড়াতেই নদীর পানি লাল হয়ে যায়।
জাপানি গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে কারখানার কোনও একটি কুলিং সিস্টেমে ফুটো হয়। তারপর বৃষ্টির পানি নিষ্কাশনের জায়গা দিয়ে বের হয়ে এ রঙ নদীর পানিতে মেশে।
ওরিয়ন ব্রিউয়ারিজের প্রেসিডেন্ট হাজিমে মুরানো বলেন, কীভাবে রং পানিতে মিশল সেটি তদন্ত করে দেখছেন তারা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্যও তারা ব্যবস্থা নেবেন।
