চীনে তথ্য পাচারের অভিযোগে ২ মার্কিন নৌসেনা গ্রেপ্তার
অভিযোগে বলা হয়েছে, এই দুই নৌসেনা অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য চীনের কাছে পাচার করেছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য চীনের কাছে পাচারের অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার এই দুই নৌসেনা হলেন পেটি অফিসার ওয়েনহেং ঝাও ও নাবিক জিনচাও ওয়ে।
ঝাও (২৬) এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। প্রায় ১৫ হাজার ডলার গ্রহণ করার বিনিময়ে তিনি মার্কিন সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্যের ছবি ও ভিডিও পাচার করেছেন বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।
ওয়ের বয়স প্রকাশ করা হয়নি। তিনি কয়েক হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান ডিয়াগোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “এই লোকগুলোর এসব কর্মকাণ্ডের ফলে স্পর্শকাতর সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।”
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঝাও তার চীনা পরিচালকের কাছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়ায় যুক্তরাষ্ট্রের এক সামরিক ঘাঁটির রাডার সিস্টেমের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম ও ব্লুপ্রিন্ট এবং লস অ্যাঞ্জেলসের কাছে ভেনচুর কাউন্টি ও স্যান ক্লিমেন্টি দ্বীপে মার্কিন নৌবাহিনীর স্থাপনাগুলোর বিস্তারিত নিরাপত্তা তথ্য পাচার করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
ওয়ের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি যে উভয়চর অ্যাসাল্ট রণতরীতে কাজ করতেন সেই ইউএসএস এসেক্সের বিষয়ে তথ্য ফাঁস করেছেন, এর পাশাপাশি অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজের বিষয়েও তথ্য পাচার করেছেন। তিনি এসেক্সের অস্ত্র, শক্তি কাঠামো ও অভিযানের বহু কারিগরি ম্যানুয়াল প্রতিপক্ষের হাতে তুলে দিয়েছেন।
বৃহস্পতিবারের ওই সংবাদ সম্মেরনে মার্কিন কর্মকর্তারা চীনের ‘গুপ্তচরবৃত্তি অভিযানের’ সমালোচনা করেছেন।
“যুক্তরাষ্ট্রের প্রতি চীনের চেয়ে বড়, বহু প্রাজন্মিক আর কোনো হুমকি নেই,” বলেছেন এফবিআইয়ের স্পেশাল এজেন্ট স্টেসি ময়।
“বিশ্বের একমাত্র পরাশক্তি হয়ে ওঠার কৌশলগত পরিকল্পনায় বেইজিং যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা থেকে কোনোভাবেই থামবে না,” বলেছেন তিনি।
এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে বার্তা পাঠানো হলেও ওয়াশিংটন ডিসির চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য ইস্যুর অনেকগুলো ক্ষেত্র নিয়ে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। গুপ্তচরবৃত্তি ও সাইবার হামলার জন্য চীনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তারা গুপ্তচরদের হুমকির মুখে রয়েছে বলে ঘোষণা করেছে।
