কেটে গেল সুতো, ‘ঘুড্ডি' নির্মাতা সালাউদ্দীন জাকীর চিরবিদায়
তিনি ২০২১ সালে একুশে পদক পান।
‘ঘুড্ডি' সিনেমার নির্মাতা, একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দীন জাকী আর নেই।
সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য সালাউদ্দীন জাকী মঞ্চে অভিনয় করেছেন। পরে ঘুড্ডি নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পান।
ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দীন ইউসুফ বলেন, বাসায় হৃদরোগে আক্রান্ত হলে সালাউদ্দীন জাকীকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালাউদ্দীন জাকীর ছেলে ও মেয়ে কানাডায় থাকেন। তারা দেশে ফেরার পর পরিবারের সদস্যরা আলাপ করে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
সৈয়দ সালাউদ্দীন জাকীর জন্ম ১৯৪৬ সালের ২৬ অগাস্ট। নির্মাতা পরিচয়ের বাইরে তিনি ছিলেন চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও লেখক। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৮০ সালে মুক্তি পায় জাকীর প্রথম চলচ্চিত্র ঘুড্ডি, সেই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা অভিনীত ঘুড্ডি সিনেমায় হ্যাপি আখান্দের গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
জাকীর প্রযোজনায় ১৯৯০ সালে মুক্তি পায় সিনেমা লাল বেনারসি এবং আয়না বিবির পালা। ঘুড্ডি ছাড়াও আগামী (১৯৮৪), উথ্যান পতন (১৯৯২), সে (১৯৯৩), নদীর নাম মধুমতি (১৯৯৩) এবং মেঘলা আকাশ (১৯৯৬) সিনেমার কাহিনীকার তিনি।
সম্প্রতি তিনি ‘অপরাজেয় একা' এবং 'ক্রান্তিকাল' নামে দুটি সিনেমার কাজ শেষ করেন। এর মধ্যে ‘অপরাজেয় একা’ মুক্তির অপেক্ষায়।
চলচ্চিত্রে অবদানের জন্য সরকার ২০২১ সালে সৈয়দ সালাউদ্দীন জাকীকে একুশে পদক দেয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
