ধর্ষণে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক বিশপ সন্ডার্স
ব্রুম এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত বিশপ ক্রিস্টোফার সন্ডার্সকে।
ধর্ষণসহ আরও বেশ কিছু যৌন অপরাধে (যার শিকার হয়েছে কিছু শিশুও) অভিযুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক বিশপ ক্রিস্টোফার সন্ডার্সকে।
বিবিসি জানায়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ ও ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের পক্ষ থেকে আলাদাভাবে তদন্তের আদেশের পর ব্রুম এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করা হয় সন্ডার্সকে।
সন্ডার্সের বিরুদ্ধে ধর্ষণের দুটি, অবৈধ ও অশালীন আক্রমণের ১৪টি এবং দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে শিশুদের সঙ্গে অশালীন আচরণের তিনটি অভিযোগ আনা হয়।
অভিযোগনামায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত শহর ব্রুম, কুনুনুরায় থাকার সময় এবং আদিবাসী জনগোষ্ঠী কালুমবুরুর লোকজনের সঙ্গে ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে সন্ডার্স এসব যৌন অপরাধ করেন।
বৃহস্পতিবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং আগামী জুনে আদালতে শুনানি না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন।
সন্ডার্স ইঙ্গিত দিয়েছেন তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগেই দোষ অস্বীকার করবেন। তিনি সবচেয়ে উর্ধ্বতন ক্যাথলিক ধর্মজাযকদেরই একজন, যিনি তার আমলে করা অপরাধের জন্য অভিযুক্ত হলেন।
এর আগে শিশুদের সঙ্গে যৌন অপরাধের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি হয়েছিলেন কার্ডিনাল জর্জ পেল, যিনি পরবর্তী সময়ে খালাস পান।
অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশপস কনফারেন্স বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। বলা হয়েছে, সন্ডার্সের বিরুদ্ধে অভিযোগ ‘খুবই মারাত্মক’ এবং ‘গভীরভাবে পীড়াদায়ক’- বিশেষত তাদের জন্য, যারা অভিযোগগুলো করেছেন।
