২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারটাইফুন ডোকসুরি: তাইওয়ানে সামরিক মহড়া বাতিল

চীনের কাছ থেকে হামলার শিকার হওয়ার ক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতার পরীক্ষায় তাইওয়ান সোমবার থেকে বার্ষিক হান কুয়াং সামরিক মহড়া শুরু করে।

সুপারটাইফুন ডোকসুরি: তাইওয়ানে সামরিক মহড়া বাতিল

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 08:45 PM

Updated : 25 Jul 2023, 08:47 PM

চার বছরের মধ্যে তাইওয়ানে ধেয়ে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী টাইফুন ডোকসুরি। একারণে দেশটি তাদের সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়ার কিছু আয়োজন বাতিল করেছে।

এ ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার। ঝড়টি মাঝ-সপ্তাহে ফিলিপিন্সের উত্তরাঞ্চলের একটি দ্বীপের ওপর দিয়ে বয়ে যাবে এবং তাইওয়ানের উত্তরেও প্রচণ্ড ঝড়ো বাতাস ও ভারি বর্ষণ ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের কাছ থেকে হামলার শিকার হওয়ার ক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতার পরীক্ষায় তাইওয়ান সোমবার থেকে বার্ষিক হান কুয়াং সামরিক মহড়া শুরু করেছে।

কিন্তু ৫ দিনের এই মহড়া যতটুকু বাকি আছে তা ঝড়ের কারণে বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার মহড়ার কিয়দংশ বাতিল করা হয়েছে।

তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা প্রদেশ হিসাবে দেখে চীন। তারা চায় দ্বীপটি আবার বেইজিংএর নিয়ন্ত্রণে আসুক। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত চীন।

তবে তাইওয়ান মনে করে তারা একটি স্বাধীন রাষ্ট্র। তাদের নিজস্ব সংবিধান রয়েছে এবং রয়েছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা।

পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় বছরের এই সময়ে টাইফুন প্রায়ই হয়। তবে ২০১৯ সাল থেকে কোনও ঘূর্নিঝড়ই এ দ্বীপে সরাসরি আঘাত হানেনি।

তাইওয়ান বুধবার কিংবা বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়তে পারে বলে জানিয়েছে বিবিসি। দ্বীপদেশটির আবহাওয়া ব্যুরো শক্তিশালী বাতাস এবং প্রচণ্ড বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। দক্ষিণাঞ্চলের কাওসিয়ুং বন্দরনগরী কর্তৃপক্ষ ঝড় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে।

তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, “আমি নাগরিকদের স্মরণ করিয়ে দিতে চাই যে, টাইফুনের হুমকিকে খাটো করে দেখবেন না।”

ডোকসুরি এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশেও বিভিন্ন স্কুল এবং অফিস সব বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যাপ্রবণ এই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষের বাস।

ঝড়ের আগমনে পূর্বসতর্কতা হিসাবে উপকূলের লোকজনদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ফেরি চলাচলও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় আবহাওয়া সংস্থা বলেছে, বুধবার মধ্যদুপুরের মধ্যে ইগে নামে পরিচিত ঘূর্ণিঝড় উত্তরাঞ্চলের মূল লুজন দ্বীপের ব্যাপক এলাকাজুড়ে বৃষ্টিপাত ঘটাবে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব ঊষ্নায়ন বেড়ে ঘন ঘন ঝড় দেখা দেওয়া সতর্কবার্তা অনেকদিন ধরেই দিয়ে আসছেন জলবায়ু বিজ্ঞানীরা।

এ সপ্তাহের শেষ দিকে ঘূর্ণিঝড় ডোকসুরি চীনের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।