২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির নিরাপত্তা রেটিং ব্যবস্থা চালু করতে চলেছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাণকারী দেশ ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়।

গাড়ির নিরাপত্তা রেটিং ব্যবস্থা চালু করতে চলেছে ভারত

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 11:53 PM

Updated : 22 Aug 2023, 11:59 PM

ভারত গাড়ির সুরক্ষায় আগামী ১ অক্টোবর থেকে নিরাপত্তা রেটিং ব্যবস্থা চালু করতে চলেছে বলে জানিয়েছে দেশটির সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়।

বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাণকারী দেশ ভারতে বেশ কয়েকটি দুর্ঘটনাপ্রবণ সড়ক রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিবছর প্রায় দেড় লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

নতুন ‘সেফটি রেটিং সিস্টেম’ গাড়ি ক্রেতাদের তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং একইসঙ্গে গাড়ি নির্মাতাদের নিরাপত্তার মান আরো বাড়াতে উৎসাহিত করবে বলে ভারত সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

কোনও গাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়লে কতটা ধাক্কা সহ্য করে টিকে থাকতে পারবে, তা নির্দিষ্ট মাপকাঠি মেনে কারখানায় পরীক্ষা (সেফটি টেস্ট) করা হয় বিশ্বজুড়ে। যেখানে গাড়ির নিরাপত্তা এবং মান সম্পর্কে জানা যায়। এই গোটা প্রক্রিয়াকে বলা হয়, নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (এনসিএপি বা এনক্যাপ)।

এতদিন বিদেশের উপর নির্ভরশীল হলেও এবার বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক বিধি মেনে নিজস্ব এই সুরক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে। যার ফলে ভারত দেশে নিজস্বভাবেই পরীক্ষা করতে পারবে সব গাড়ির নিরাপত্তা।

বর্তমানে বিশ্বে ৪টি এনক্যাপ সিস্টেম রয়েছে। সেগুলো হল - আশিয়ান এনক্যাপ, লাতিন এনক্যাপ, ইউরো এনক্যাপ, এবং গ্লোবাল এনক্যাপ। এ তালিকাতেই এবার পঞ্চম হিসাবে চালু হচ্ছে ভারত এনক্যাপ সিস্টেম।

সর্বোচ্চ চারজন যাত্রী এবং ৩৫০০ কেজি ওজন পর্যন্ত সব গাড়ির নিরাপত্তা পরীক্ষা করা হবে ভারত এনক্যাপে। শুধু জ্বালানি চালিত গাড়ি নয়, সিএনজি এবং ইলেকট্রিক গাড়িও পরীক্ষা করা হবে।

কীভাবে সেফটি রেটিং দেওয়া হবে সে বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য গাড়িতে কী কী সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেইসঙ্গে ‘নিরাপত্তা সহায়তা প্রযুক্তির কী কী সরঞ্জাম গাড়ি রাখা হয়েছে’ সেগুলো পরীক্ষা করে তার ভিত্তিতে শূন্য থেকে পাঁচ তারকা পর্যন্ত রেটিং দেওয়া হবে।

কর্মকর্তারা জানান, রেটিং প্রদাণ কর্মসূচি এখনও বাধ্যতামূলক নয়। এই কর্মসূচিতে ব্যয় হবে প্রায় ৬০ লাখ রুপি। যেখানে বৈশ্বিকভাবে একই পরীক্ষায় প্রয়োজন দুই কোটি ৫০ লাখ রুপি।

মঙ্গলবার সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গাডকারি এ ব্যবস্থার উদ্বোধন করে বলেছেন, “এই ব্যবস্থা উৎপাদন বাড়াতে চলেছে এবং শুধু দেশীয় বাজার থেকে নয় বরং আন্তর্জাতিক বাজার থেকেও আরো বেশি মুনাফা এবং আরো বেশি অর্ডার পাওয়া যাবে।”

সরকার বিভিন্ন কোম্পানির ৩০টির বেশি মডেলের গাড়ির নিরাপত্তা পরীক্ষা এবং সদন প্রদানের আবেদন এরই মধ্যে পেয়েছে বলেও জানান তিনি।