২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক নেতাদের সমালোচনা করে বরখাস্ত রুশ জেনারেল পপোভ

ইউক্রেইনে যুদ্ধক্ষেত্রের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মুখ খোলায় বরখাস্ত হতে হয়েছে বলে জানিয়েছেন এই শীর্ষ রুশ জেনারেল।

সামরিক নেতাদের সমালোচনা করে বরখাস্ত রুশ জেনারেল পপোভ

ছবি: বিবিসি  থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 12:00 AM

Updated : 14 Jul 2023, 12:20 AM

রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষ মেজর জেনারেল ইভান পপোভ বলেছেন, যুদ্ধক্ষেত্রে সম্মুখসারির ভয়াবহ পরিস্থিতি নিয়ে সত্য বলায় ইউক্রেইনে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়ায় চলমান লড়াইয়ে ৫৮তম আর্মির কমান্ডার ছিলেন পপোভ।

এক ভয়েস মেসেজে পপোভ বলেছেন, তিনি যুদ্ধে বেশিমাত্রায় সেনা হতাহত হওয়া এবং গোলাবারুদের অভাব থাকার কথা তুলেছিলেন।

তিনি বলেন, “হয় কাপুরুষের মতো চুপ করে থাকা, নয়ত পরিস্থিতি যেমন চলছে সেই সত্যটাই বলে দেওয়া যে কোনও একটা করা দরকার ছিল।”

“আমার আপনাদের নামে, আমার মারা যাওয়া কমরেডদেরকে বাহুতে নিয়ে মিথ্যা বলার কোনও অধিকার ছিল না। সেকারণেই আমি বিদ্যমান সব সমস্যাই তুলে ধরেছি,” বলেন পপোভ।

পপোভের এই বার্তা টেলিগ্রামে পোস্ট করেন রুশ এমপি আন্দ্রেই গুরুলভোভ। তিনিও সাবেক এক সামরিক কমান্ডার এবং রাষ্ট্রীয় টিভির ভাষ্যকার।

সামরিক নেতাদের কাছে পপোভ যে জিনিসটি তুলে ধরেছিলেন তা হচ্ছে, ইউক্রেইনের গোলা হামলা ঠেকাতে সঠিক পাল্টা হামলার ব্যবস্থা না থাকা এবং সামরিক গোয়েন্দার অভাব থাকা।

পপোভ জানান, ঊর্ধ্বতন কমান্ডাররা তাকে বরখাস্তের দাবি জানিয়েছিলেন এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তা মেনে নিয়েছেন। ওই কমান্ডাদেরকে দেশদ্রোহী বলে অভিযোগ করেছেন পপোভ।