১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃহৎ অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে চীন, অভিযোগ তাইওয়ানের

চীন আগেই বলেছে তারা তাইওয়ান ঘিরে ‘হামলার মহড়া’ চালিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 09:06 PM

Updated : 26 Dec 2022, 09:06 PM

তাইওয়ান ঘিরে চীন আকাশে এবং সমুদ্রে বৃহৎ সামরিক অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের দাবির পক্ষে কিছু ডেটা উপস্থাপন করেছে বলে জানায় বিবিসি। তারা বলেছে, চীনের বিমানবাহিনীর ৭১টি উড়োজাহাজ, যেগুলোর মধ্যে যুদ্ধবিমান এবং ড্রোন রয়েছে, ‍তাইওয়ানের ‘এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে’ প্রবেশ করেছে।

তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন তা মেনে নেয়নি। বরং বেইজিং তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যা একদিন পুনরায় মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত হবে।

চীন-তাইওয়ান উত্তেজনা বরাবরই ছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তা অনেক বেড়েছে। বিশেষ করে গত অগাস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ কয়েকজন কংগ্রেস সদস্যের তাইওয়ান সফরের কারণে।

গত ২৫ বছরের মধ্যে পেলোসিই ছিলেন তাইওয়ান সফর করা যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি কর্মকর্তা।

তাইওয়ান ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়ে চীন পেলোসির সফরের প্রতিক্রিয়া জানিয়েছিল। যাকে ‘সর্বোচ্চ উসকানি’ বলে সমালোচনা করেছিলেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ।

চীন অবশ্য সবসময়ই বলে আসছে, তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখতে তারা প্রয়োজনে বলপ্রয়োগ করবে।

সোমবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের ৪৩টি বিমান ‘মধ্য রেখা অতিক্রম করেছে’। অনানুষ্ঠানিক এই মধ্য রেখার মাধ্যমে দুই পক্ষের আকাশসীমা ভাগ করা হয়েছে।

চীন যদিও তাইওয়ানের অভিযোগের আগেরদিন রোববার বলেছে, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের উসকানির জবাব দিতে তারা তাইওয়ান ঘিরে ‘হামলার মহড়া’ চালিয়েছে।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খানিকটা জটিল।

চীনের ‘এক চীন নীতি’ অনুসরণ করে যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। কিন্তু দেশটি তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থক। এবং তারা সবসময় তাইওয়ানের পাশে থাকার অঙ্গীকার করেছে।

যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা তাইওয়ান। ওয়াশিংটন তাদের ‘তাইওয়ান রিলেশন অ্যাক্ট’ এর অধীনে দ্বীপরাষ্ট্রটির কাছে অস্ত্র বিক্রি করে এবং তাদের প্রয়োজনে সামরিক সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।