২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লবী চে গুয়েভারাকে আটক করা বলিভিয়ার জেনারেলের মৃত্যু

১৯৬৭ সালে জেনারেল গ্যারি প্রাডো সালমনের নেতৃত্বে বলিভিয়ায় পরিচালিত এক সেনা অভিযানে চে গুয়েভারা আটক হয়েছিলেন।

বিপ্লবী চে গুয়েভারাকে আটক করা বলিভিয়ার জেনারেলের মৃত্যু

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2023, 06:58 PM

Updated : 08 May 2023, 06:58 PM

বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারাকে আটক করে বলিভিয়ার জাতীয় বীরের তকমা পাওয়া সাবেক জেনারেল গ্যারি প্রাডো সালমন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন গ্যারি। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার গ্যারির ছেলে স্যোশাল মিডিয়ায় তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

বিবিসি জানায়, ১৯৬৭ সালে গ্যারির নেতৃত্বে বলিভিয়ায় পরিচালিত এক সেনা অভিযানে চে গুয়েভারা আটক হন। এ অভিযানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সহায়তা করেছিলেন।

সেই অভিযানের মধ্য দিয়ে বলিভিয়ায় চে গুয়েভারার নেতৃত্বে সংগঠিত কমিউনিস্ট বিপ্লবী তৎপরতার অবসান ঘটে।

বলিভিয়ার ক্ষমতায় তখন ছিল ডানপন্থি সামরিক সরকার। চে গুয়েভারাকে আটকের এক দিন পর বলিভিয়ার এক সেনা কর্মকর্তা তাকে হত্যা করেন।

চে গুয়েভারাকে আটক ও হত্যার সময়ে যুক্তরাষ্ট্রে এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। চে গুয়েভারার বিপ্লবী কার্যকলাপসহ লাতিন আমেরিকায় কমিউনিস্ট প্রভাব নিয়ে সে সময় যুক্তরাষ্ট্র চরম উদ্বিগ্ন ছিল।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া চে গুয়েভারা তরুণ বয়সেই বিপ্লবে অংশ নিতে দেশ ছেড়েছিলেন। ১৯৫৯ সালে কিউবায় সফল বিপ্লবের পর সে দেশ ত্যাগ করেছিলেন তিনি। তার লক্ষ্য ছিল অন্যান্য দেশে গেরিলা আন্দোলন সংগঠিত করা।

কিউবার কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন চে গুয়েভারা। কিউবা বিপ্লবের পর বিশ্বব্যাপী তিনি কমিউনিস্টদের নায়ক হয়ে উঠেছিলেন।

চে গুয়েভারাকে আটক করা সাবেক বলিভীয় জেনারেল গ্যারির ছেলে তার বাবাকে ‘অসাধারণ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে বলেছেন, তিনি ভালোবাসা, সততা ও সাহসের উত্তরাধিকার রেখে গেছেন।

চে গুয়েভারাকে গুলি করে হত্যা করা সাবেক সেনা মারিও টেরানও গত বছর মারা যান।

গুয়েভারার গেরিলা গোষ্ঠীকে পরাজিত করে বলিভিয়ায় সামরিক শাসনকে রক্ষা করার জন্য জেনারেল গ্যারি প্রাডো জাতীয় বীরে পরিণত হয়েছিলেন।

অভিযানের সময় তিনি প্রত্যন্ত জঙ্গল অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বলিভিয়ান রেঞ্জার্সের নেতৃত্ব দিয়েছিলেন। অভিযানের আগে চে গুয়েভারার গোষ্ঠীতে সদস্য সংখ্যা প্রায় ১২০ থাকলেও পরে তা কমে ২২ জনে নেমে আসে।

এ অভিযান নিয়ে একটি একটি বইও লিখেছিলেন গ্যারি প্রাডো। বইটির নাম ‘হাউ আই ক্যাপচারড চে’।

দুর্ঘটনাক্রমে গুলিতে আহত হওয়ার পর ১৯৮১ সাল থেকে প্রাডো হুইলচেয়ারে চলাফেরা করে আসছিলেন। তার মেরুদণ্ডে গুলি লেগেছিল।

বলিভিয়ার রাজধানী লাপাজ থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে হিগুয়েরা গ্রামে চে গুয়েভারাকে হত্যা করা হয় এবং লাশ গোপন স্থানে সমাহিত করা হয়। 

১৯৯৭ সালে গুয়েভারার সমাধিস্থল সম্পর্কে জানা যায় এবং সেখান থেকে কবর খুঁড়ে তার দেহাবশেষ কিউবায় ফিরিয়ে নিয়ে আবার সমাহিত করা হয়।