২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে লোকসভায় নিরাপত্তা ভঙ্গ, ২ আগন্তুকের তাণ্ডব

আচমকাই দুই ব্যক্তি দর্শক গ্যালারি থেকে কক্ষে ঝাঁপিয়ে পড়ে হলুদ ধোঁয়া ছড়িয়ে দেয় চারদিকে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুরু হয় হট্টগোল।

ভারতে লোকসভায় নিরাপত্তা ভঙ্গ, ২ আগন্তুকের তাণ্ডব

ছবি: বিবিসি ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 06:37 PM

Updated : 13 Dec 2023, 06:42 PM

ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনের অষ্টম দিনে দুই আগন্তুক অনুপ্রবেশ করে তাণ্ডব চালিয়েছে।

বিবিসি জানায়, তারা আচমকাই দর্শক গ্যালারি থেকে কক্ষে ঝাঁপিয়ে পড়ে। তারা স্লোগান দিয়েছে এবং রঙিন গ্যাস ছড়িয়েছে। অধিবেশন চলাকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকসভা কক্ষে। শুরু হয় হট্টগোল।

বুধবার সংসদে জঙ্গি হামলার ২২ বছর পূর্তির দিনই লোকসভায় এমন ঘটনায় প্রশ্ন উঠেছে নতুন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা নিয়ে। ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল এই ১৩ ডিসেম্বরেই।

বুধবারের এই ঘটনা ২২ বছর আগের সেই স্মৃতি‌ ফিরিয়ে এনেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার ওম বিড়লা। দুই আগন্তুক লোকসভা কক্ষে কী করে ঢুকে পড়লেন, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ইতোমধ্যেই দুই আগন্তুককে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, 'কোনও হামলা হয়নি। কালার স্মোক নিয়ে বিক্ষোভ করেন দুই ব্যক্তি।' কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, 'দুই ব্যক্তি টিয়ার গ্যাস এবং ক্যানিস্টার নিয়ে সংসদের ভিতর ঢুকে পড়ে।

তারা সভা চলাকালে কক্ষে ঝাঁপিয়ে পড়ার পর হলুদ ধোঁয়া ছড়িয়ে দেয় চারদিকে। বেঞ্চ থেকে বেঞ্চে লাফিয়ে ‘রং বোমা’ ছুড়েছিলেন ওই বহিরাগতেরা। ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে স্যোশাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, সংসদে বক্তৃতা করছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার কথার মাঝেই হঠাৎ হট্টগোল শুরু হয় সভায়। পড়তে পড়তে খগেন থেমে যান। শোনা যায়, চিৎকার করে কেউ বা কারা বলছেন, ‘‘ধর ধর, ওকে ধর!’’

লোকসভা কক্ষের বেঞ্চের ওপর ততক্ষণে উঠে পড়েন এক আগন্তুক। পায়ের কাছ থেকে কিছু একটা বের করে ছড়িয়ে দিতে শুরু করেন চারদিকে। অন্যজনকেও একই কাজ করতে দেখা যায়।

লোকসভার একজন ওয়ার্ড স্টাফ প্রথম এক আগন্তুককে ধরে ফেলেন। নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় দুপুর ২টা পর্যন্ত সংসদ মুলতুবি করার ঘোষণা দেওয়া হয়। দুই আগন্তুককে ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

নিরাপত্তারক্ষীরা দুইজনকে আটক করে নিয়ে যাওয়ার সময়ও তারা স্লোগান দিচ্ছিলেন। ‘একনায়কতন্ত্র চলবে না’, চিৎকার করে বলতে শোনা গেছে তাদের। সভাকক্ষের বাইরে থেকে এক নারী এবং আরও এক যুবককেও আটক করা হয়েছে।

ঘটনার পর লোকসভার বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ২টার পর আবার শুরু হয় অধিবেশন। যে হলুদ ধোঁয়া সভার ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তা বিষাক্ত কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকে।

তবে প্রাথমিক তদন্তে এই ধোঁয়া ক্ষতিকারক নয় বলেই প্রতীয়মান হয়েছে, বলেন স্পিকার ওম বিড়লা। দুই ব্যক্তি কেন এমন কাণ্ড ঘটাল? তাদের উদ্দেশ্য কি? তা পরিষ্কার জানা যায়নি।