২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৭

দত্তপুকুরের নীলগঞ্জে অবৈধ একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণের পর ৬ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আর একজনের মৃত্যু হয় হাসপাতালে।

পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৭

ছবি: ইউটিউব ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 07:20 PM

Updated : 27 Aug 2023, 08:51 PM

ভারতের পশ্চিমবঙ্গে ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জে অবৈধ একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রোববার সকালের এই বিস্ফোরণ এতটাই জোরাল ছিল যে, কেঁপে উঠেছিল গোটা এলাকা। শব্দ শোনা গেছে দূরের বারাসত শহর থেকেও। পুলিশ প্রাথমিকভাবে চার জনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা আরও অনেকের মৃত্যু হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, বিস্ফোরণের পরেই আহতদের নিয়ে হাসপাতালে যাওয়া হয়। ৬ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আর একজনের মৃত্যু হয় হাসপাতালে।

এখনও হাসপাতালে আট জনের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একটি ৮ বছরের এক বালকও আছে। স্থানীয়রা বলছেন, শুধু কারখানার শ্রমিক নন, বিস্ফোরণের ধাক্কায় মৃত্যু হয়েছে পথচারীরও। এছাড়াও যে পাকা ভবনে বাজি তৈরি হত সেটিও সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে।

ধ্বংসস্তূপে অনেকেই চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা দশ পেরিয়ে যেতে পারে, বলছে স্থানীয়রা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ফলে আরও কোনও দেহ চাপা পড়ে আছে কিনা তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে বলা হচ্ছে, গোটা এলাকায় বাজির কারবার চলত। যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেটি ছাড়াও আশপাশের বিভিন্ন ভবনে ঘরোয়া ভাবে বাজির মশলা তৈরি হত। পুলিশের চোখ এড়িয়ে দিনের পর দিন এই বেআইনি বাজির কারবার কীভাবে চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে দত্তপুকুরের মোচপোল গ্রামে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। সে ভবনে বেআইনি ভাবে বাজি তৈরি হত বলে অভিযোগ আছে। মজুত বাজিতে আগুন লেগেই আচমকা বিস্ফোরণ ঘটেছে।

দোতলা ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে আশপাশের একাধিক পাকা বাড়িও। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণের ধাক্কায় দোতলা ভবনের ছাদের একটি অংশ উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদে পড়ে সেটিও আংশিক ভেঙে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়ে তারা। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও শাসকদলের নেতাদের যোগসাজশেই বেআইনিভাবে বাজির কারবার চলছিল। বারবার প্রশাসনে নালিশ জানালেও কাজ হয়নি। স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করে পুলিশ বাহিনী উদ্ধারকাজে নেমেছে।