যুক্তরাষ্ট্রের লুইস্টনে বন্দুক হামলায় নিহত ২২
এ ঘটনায় পুলিশ ৪০ বছরের এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে।
যুক্তরাষ্ট্রের লুইস্টনে বুধবার একাধিক স্থানে বন্দুক হামলায় অন্তত ২২ জন নিহত এবং ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।
টেলিফোনে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি নিহতের এই সংখ্যা নিশ্চিত করে বলেন, নগর প্রশাসন থেকে টেক্সট ম্যাসেজে তিনি এ তথ্য পেয়েছেন।
নগর পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও নিহতের একই সংখ্যা জানিয়ে বলে, লুইস্টনের একটি বোলিং অ্যালে এবং একটি বারসহ একাধিক জায়গায় এদিন হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লুইস্টন পুলিশ বোলিং অ্যালে ও বারে হামলায় জড়িত সন্দেহে রবার্ট কার্ড নামে ৪০ বছরের এক ব্যক্তিকে চিহ্নিত করেছে এবং বলেছে, ‘ওই ব্যক্তি সশস্ত্র এবং বিপজ্জক। তার থেকে দূরে থাকা উচিত’।
পুলিশ তার আগে অজ্ঞাত এক সন্দেহভাজনের তিনটি ছবি প্রকাশ করে। যে ছবিতে ওই ব্যক্তিকে একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল তাক করে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে একটি সাদা রঙের এসইউভি। ওই ছবিগুলো প্রকাশ করে পুলিশ জনগণের কাছে ওই ব্যক্তি বা গাড়িটি সনাক্তে সহায়তা চায়।
মেইন রাজ্য পুলিশের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বার্তায় বলা হয়, “বন্দুক হাতে এক ব্যক্তি লুইস্টনে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছি। দয়া করে নিজ ঘরে দরজা বন্ধ করে অবস্থান করুন। আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে একাধিক স্থানে তদন্ত চালাচ্ছে।”
মেইনের সর্ববৃহৎ নগরী পোর্টল্যান্ড থেকে লুইস্টন মাত্র ৫৬ কিলোমিটার দূরে।
লুইস্টন পুলিশ জানায়, তাদের কর্মকর্তারা দুইটি জায়গায় কাজ করছেন। একটি রেস্তোরাঁ, যেটির নাম স্কিমেনজিস এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে একটি বোলিং অ্যালে।
ওই দুই স্থানের মধ্যে দূরত্ব প্রায় সাড়ে ৬ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে ১০ মিনিটের মত।
হামলায় হতাহতদের বেশিরভাগকে সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তারা ‘গণ হত্যা, গণ বন্দুক হামলার’ ঘটনা মোকাবেলা করছেন এবং আহতদের চিকিৎসায় ওই এলাকার অন্যান্য হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এ ঘটনার পর লুইস্টনে বৃহস্পতিবার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
