২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুতি হামলা নিয়ে ইরানকে ‘গোপন বার্তা’ দিয়েছে যুক্তরাষ্ট্র: বাইডেন

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য দায়ী ইরান-সমর্থিত হুতিদের নিয়ে ব্যক্তিগতভাবে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হুতি হামলা নিয়ে ইরানকে ‘গোপন বার্তা’ দিয়েছে যুক্তরাষ্ট্র: বাইডেন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 14 Jan 2024, 11:36 AM

Updated : 14 Jan 2024, 11:36 AM

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য দায়ী ইরান-সমর্থিত হুতিদের নিয়ে ইরানকে গোপন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার ক্যাম্প ডেভিডে যাওয়ার আগে হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন বলেছেন, “আমরা ব্যক্তিগতভাবে এই বার্তা দিয়েছি এবং আমরা ভালভাবে প্রস্তুত, সে ব্যাপারেও আমরা নিশ্চিত।” এই বার্তার বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শনিবার নতুন করে হামলা চালানোর পর বাইডেন ইরানকে বার্তা দেওয়ার কথা জানালেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শুক্রবার হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় ৩০টি হামলা চালানোর পরদিন যুক্তরাষ্ট্র এককভাবে দেশটিতে হামলা চালায়।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন লোহিত সাগরে যাতায়াত করা জাহাজগুলোকে ইরান সমর্থিত হুতিদের হামলার হাত থেকে রক্ষার অঙ্গীকার করার পর ওই হামলা চালানো হয়।

হুতিদের একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র। বলা হয়, এই স্থাপনাটি লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি হয়ে ছিল।

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলায় ইরান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে ইরান হুতিদেরকে অস্ত্র সরবরাহ করছে বলে সন্দেহ করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের গোয়েন্দা তথ্যই হুতিদেরকে জাহাজগুলোকে হামলার নিশানা করতে সক্ষম করে তুলছে।

ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মুসলিম ইয়াজিদি সাব-সেক্টরের একটি সশস্ত্র গোষ্ঠী হচ্ছে হুতি। বেশিরভাগ ইয়েমেনি হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই বাস করে। সানা এবং ইয়েমেনের উত্তরাঞ্চলসহ হুতিরা লোহিত সাগরের উপকূল নিয়ন্ত্রণ করে।

ইয়েমেনে হুতি অবস্থানগুলোতে হামলা চালানোকে গাজা যুদ্ধের থেকে আলাদা করেই দেখছে পশ্চিমা দেশগুলো। তারা বলছে, লোহিত সাগরে কোনও উস্কানি ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের হামলা মেনে নেওয়া যায় না। তাই হুতিদের এই হামলার জবাব দেওয়া জরুরি এবং যথাযথ পদক্ষেপ।

কিন্তু ইয়েমেন এবং আরব বিশ্বের দেশগুলো হুতিদের ওপর হামলাকে একটু ভিন্ন চোখেই দেখছে। তাদের মতে, এই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইসরায়েলের পক্ষ নিয়ে গাজা যুদ্ধে জড়িত হচ্ছে। কারণ, হুতিরা হামাস এবং গাজার মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছিল।