২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার টুয়েসডে তে ট্রাম্প-বাইডেনেরই আধিপত্য, তবে আছে উদ্বেগও

প্রার্থীতা প্রায় নিশ্চিত হয়েই যাচ্ছে তাই ট্রাম্প এবং বাইডেন সুপার টুয়েসডের ফলাফলের দিকে মনযোগ না দিয়ে বরং বিজয়ী ভাষণে পরষ্পরকে আক্রমণের দিকে অধিক মনযোগ দিয়েছেন।

নিউজ ডেস্ক

Published : 06 Mar 2024, 07:27 PM

Updated : 06 Mar 2024, 07:39 PM

যুক্তরাষ্ট্রজুড়ে সুপার টুয়েসডের ভোটাভুটিতে প্রত্যাশা অনুযায়ীই ফলাফল আসতে শুরু করেছে। রিপাবলিকান দল থেকে ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট জো বাইডেনই আধিপত্য বিরাজ করছেন। যার অর্থ, ইতিহাস সৃষ্টি করে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভবত এই দুজনই পুনরায় ভোটের যুদ্ধে নামতে চলেছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্য এবং ইউএস টেরিটরি অব আমেরিকান সামোয়ায় প্রাইমারি এবং ইউএস টেরিটরি অব আমেরিকান সামোয়ায় ককাস অনুষ্ঠিত হয়েছে। একদিনে এত বেশি রাজ্যে প্রাইমারি ভোট হওয়ায় একে সুপার টুয়েসডে বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প ১২টি রাজ্যে একপেশে জয় পেয়েছেন। তার মধ্যে অনেক বেশি ডেলিগেট সমৃদ্ধ রাজ্য ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসও রয়েছে। ওইসব রাজ্যে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রর সাবেক দূত নিকি হ্যালি প্রায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি।

এডিসন রিসার্চ জানায়, হ্যালি মঙ্গলবার শুধুমাত্র ভারমন্ট রাজ্যে ট্রাম্পকে পেছনে ফেলতে পেরেছেন। তাই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার রিপাবলিকান প্রার্থী হওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে।

অন্যদিকে, সুপার টুয়েসডের ফলাফলের পর ট্রাম্পের প্রার্থীরা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বলে দাবি তার শিবিরের।

রিপাবলিকান দলে যে ডেলিগেটরা রয়েছেন তাদের একতৃতীয়াংশ কার ঘরে যাচ্ছেন তা সুপার টুয়েসডেতে নির্ধারিত হয়ে যাবে।  

রিপাবলিকান প্রার্থী হতে হলে নিজের ঘরে অন্তত ১,২১৫ জন ডেলিগেট থাকতে হবে। অন্যদিকে ১,৯৬৮ ডেলিগেট প্রয়োজন ডেমোক্রেটিক দলের প্রার্থীর।

ট্রাম্প এরইমধ্যে ২৪৪ জন ডেলিগেট পেয়ে গেছেন। যেখানে নিকি হ্যালির কাছে আছে মাত্র ৪৩ জন। ট্রাম্প শিবিরের দাবি, সুপার টুয়েসডে তে তারা অন্তত ৭৭৩ জন ডেলিগেট পাবে। এবং মার্চের শেষেই ট্রাম্পের প্রার্থীতা নিশ্চিত হয়ে যাবে।

যেহেতু প্রার্থীতা প্রায় নিশ্চিত হয়েই যাচ্ছে তাই ট্রাম্প এবং বাইডেন সুপার টুয়েসডের ফলাফলের দিকে মনযোগ না দিয়ে বরং পরষ্পরকে আক্রমণের দিকে অধিক মনযোগ দিচ্ছেন।

মার-আর-লাগো তে বিজয়ী ভাষণে ট্রাম্প বাইডেনের অভিবাসন নীতির কড়া সমালোচনা করেন এবং তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে খারাপ’ প্রেসিডেন্ট বলে বর্ণনা করেন।

তিনি বলেন, “অভিবাসীদের অপরাধ কাণ্ডে আমাদের নগরীগুলো ছেয়ে যাচ্ছে।” যদিও যুক্তরাষ্ট্রের অপরাধ পরিসংখ্যান ট্রাম্পের এই দাবিকে সমর্থন করছে না।

অন্যদিকে, এক বিবৃতিতে বাইডেন ট্রাম্পকে আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি বলে বর্ণনা করেন।

তিনি বলেন, “আজকের ফল আমেরিকার জনগণের সামনে স্পষ্ট করে তাদের পছন্দ বেছে নেওয়ার সুযোগ দেবে: আমরা কী সামনের দিকে অগ্রসর হওয়া অব্যাহত রাখবো নাকি আমরা ডনাল্ড ট্রাম্পকে আমাদেরকে পেছনে টেনে নিয়ে বিশৃঙ্খলা, বিভেদ ও অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়ার অনুমতি দেব? তার মেয়াদকে এভাবেই সংজ্ঞায়িত করা হয়।”

বর্তমান প্রেসিডেন্ট বাইডেনই ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে চলেছেন সেটা শুরু থেকেই একরকম নিশ্চিত ছিল। কারণ, তাকে চ্যালেঞ্জ জানানোর মত কোনো প্রার্থী ছিল না। তবে এর মানে এই নয় যে, বাইডেনের সামনে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের প্রতি বাইডেনের অন্ধ সমর্থনের বিষয়টি যুক্তরাষ্ট্রের অনেক সাধারণ মানুষই মেনে নিতে পারছেন না। বিশেষ করে মুলসমান এবং আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। এবং এ বিষয়ে প্রতিবাদ জানাতে ডেমোক্রেটিক প্রাইমারিতে ব্যালটে ‘আনকমিটেড’ ভোট যুক্ত করেছে।

এডিসনের পরিসংখ্যান অনুযায়ী, মিনেসোটায় অর্ধেকের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে প্রায় ২০ শতাংশ ‘আনকমিটেড’ ভোট পড়েছে। গত সপ্তাহে মিশিগানেও একই ব্যবস্থা ছিল এবং সেখানে ১৩ শতাংশ ‘আনকমিটেড’ ভোট পড়েছে।

বাইডেন মিনেসোটা এবং বাকি ১৪টি রাজ্যে মঙ্গলবার জিতেছেন। এমনকি আইওয়াতে ডাকযোগে পাঠানো ভোটেও তিনিই জিতেছেন। কিন্তু যেভাবে ‘আনকমিটেড’ ভোট বাড়ছে তাতে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে তার প্রভাব নিয়ে বাইডেন শিবিরে উদ্বেগ বাড়ার কথা।

মঙ্গলবারের প্রাইমারিতে জিতলেও ইউএস টেরিটরি অব আমেরিকান সামোয়া তে এদিনের ককাসে উদ্যোক্তা জেসন পালমারের কাছে হেরে গেছেন বাইডেন। ককাসে পালমার ৫১ এবং বাইডেন ৪০ ভোট জিতেছেন বলে জানিয়েছে আমেরিকান সামোয়া ডেমোক্রেটিক পার্টি।

যদি সত্যিই বাইডেন আর ট্রাম্প নভেম্বরে ভোটের লড়াইয়ে নামেন তবে তা হবে ১৯৫৬ সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার একই প্রার্থীদের পরপর দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘটনা।

পরপর দুইবার পরষ্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ট্রাম্প-বাইডেন জুটি ইতিহাস গড়তে চললেও এর কারণ ভোটারদের মধ্যে তাদের জনপ্রিয়তা, এমনটা ভাবার অবকাশ নেই। বরং এবার অনেক ভোটারই বলছেন, তারা ৭৭ বছর বয়সী ট্রাম্প বা ৮১ বছর বয়সী বাইডেন, কাউকেই চান না। জনমত জরিপগুলোতেও দেশজুড়ে উভয়েরই জনপ্রিয়তা কমছে।

রিপাবলিকান ভোটারদের জন্য প্রধান উদ্বেগের বিষয় অভিবাসন এবং অর্থনীতি। ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার এডিসন এক্সিট পোল এটাই বলছে।

পুরনো খবর:

সুপার টুয়েসডে কী এবং কেন গুরুত্বপূর্ণ?

ওই তিন রাজ্যের বেশিরভাগ রিপাবলিকান ভোটার বলেছেন, তারা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষে। আর ট্রাম্প বরাবরই অভিবাসীদের নিন্দা করে গেছেন এবং বলেছেন, যদি তিনি এবার নির্বাচিত হন তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিতাড়ন দেখা যাবে।

ক্যালিফোর্নিয়ার ৬৫ বছর বয়সী গৃহিনী ক্যাথেরিন মেরেডিথ ট্রাম্পকে ভোট দিয়েছেন। তিনি বলেন, “আমাদের সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যয়কর অবস্থায় রয়েছে।”

মঙ্গলবার ট্রাম্প-বাইডেনের পুনঃলড়াইয়ের আভাস যেমন পাওয়া গেছে, অন্যদিকে এদিনের ফলাফলে হ্যালির উপর দৌড় থেকে সরে যাওয়ার চাপই হয়তো শুধু বাড়বে। মঙ্গলবার তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার শিবির থেকে সামনে কোনো অনুষ্ঠানের আয়োজনের বিষয়েও কিছু জানায়নি।

এক বিবৃতিতে তার মুখপাত্র বলেছেন, “এই ভোটে দেখা গেছে, রিপাবলিকান প্রাইমারিতে ভোটারদের একটি বড় অংশ রয়েছে যারা ডনাল্ড ট্রাম্প সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন।।"