ভারতে এবার ঢাল-বর্শা নিয়ে কৃষক বিক্ষোভে যোগ দিল ‘যোদ্ধা’ নিহাং শিখরা
বিক্ষোভরত কৃষকদের সুরক্ষায় এবার এগিয়ে এসেছে পাঞ্জাবের এই যোদ্ধা শিখ সম্প্রদায়।
ভারতে কৃষকদের প্রতিবাদ-বিক্ষোভে ভাটা পড়েনি। নিজেদের দাবিতে তারা এখনও অনড়। দেশজুড়ে আন্দোলনের এই উত্তাপে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতেও জড়াচ্ছে কৃষকরা। এ পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষায় এবার এগিয়ে এসেছে নিহাং শিখরা।
শিখ ধর্মে নিহাংদের যোদ্ধা বলা হয়। নিহাং শব্দের অর্থ হচ্ছে ‘সাহসী যোদ্ধা’। এই যোদ্ধাদের উদ্ভব ১৬০০ শতকে। তাদের পরনে থাকে গাঢ় নীল রঙের পোশাক। মাথায় নকশা খচিত বড় নীল রঙের পাগড়ি। আর কোমরে থাকে ধারাল তরবারি এবং বর্শার মতো প্রাচীন অস্ত্র।
এ বৈশিষ্ট্যই তাদেরকে আলাদাভাবে পরিচিত করে তুলেছে। পাঞ্জাবের একাধিক জায়গায় এই নিহাং শিখদের দেখা যায়। আর যে কৃষকরা আন্দোলনে নেমেছে তারাও মূলত বেশিরভাগই শিখ। তারা এসেছেও পাঞ্জাব থেকে।
কৃষিপণ্যের ন্যূনতম মূল্য নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে তারা রাজধানী অভিমুখে ‘দিল্লি চল’ যাত্রায় নেমেছে। তাদেরকে ঠেকাতে রাস্তায় ব্যাপক শক্তি নিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ। বিক্ষুব্ধ কৃষকদের ওপর পুলিশ টিয়ার গ্যাস,প্লাস্টিক বুলেট ছুড়েছে। বুধবারের বিক্ষোভে এক কৃষকের মৃত্যু হওয়ারও খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীর মৃত্যু প্রসঙ্গে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই বিক্ষোভকারী প্রতিবাদস্থলে মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।
বিক্ষোভকারীর মৃত্যুতে কৃষকরা ‘দিল্লি চল’ পদযাত্রা দুইদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। এই ছোট্ট বিরতির পর কৃষকরা যখন আবার যাত্রা শুরুর অপেক্ষা করছে ঠিক তখনই তাদের সঙ্গে যোগ দিল নিহাং শিখরা। বেশ কয়েকজন নিহাং শিখ জানিয়েছেন যে, তারা কৃষকদের ‘রক্ষা’ করতে পদযাত্রায় যোগ দিয়েছেন।
শের সিং নামের এক নিহাং তাদের আধ্যাত্মিক গুরুর শিক্ষা তুলে ধরে বলেন, “গুরু গোবিন্দ সিং সব সময় বলে এসেছেন যে, শিখদের সবসময় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। মাঝরাতেও যদি কোনও বিক্ষোভকারী ঝামেলায় পড়ে সে জন্যও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।”
আরেক নিহাং শিখ রাজা রাম সিং বলেন, “কৃষকেরা নিপীড়িত হচ্ছে... সরকারের ভাবা উচিত হবে না যে, তারা কৃষকদের ভয় দেখাতে পারবে। এটি পাঞ্জাব। আমরা কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়িয়েছি।”
ভারতে পাঞ্জাব রাজ্যের ৩ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি সংখ্যালঘু শিখ সম্প্রদায়। ২০২১ সালে একই ধরনের আরেক বছরব্যাপী কৃষক আন্দোলনেও যোগ দিয়েছিল নিহাং শিখরা।
