জুম চাষের স্বীকৃতি ও পুনর্বাসন চান পাহাড়ের নারী কৃষকেরা
‘আইল থেকে আন্তলিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে নারী সমাবেশ হয়।
জলবায়ু পরিবর্তনে পাহাড়ের জুমচাষিরা পড়েছেন নানা সংকটে। বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হচ্ছে জুমের জমি।
এ অবস্থায় জুম চাষের রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দেওয়ার দাবি জানিয়েছেন খাগড়াছড়ির নারী কৃষকেরা।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক নারী সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ‘আইল থেকে আন্তলিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে এ সমাবেশ হয়।
সমাবেশে নারী কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা জুমের বীজ, স্থানীয় খাবার ও কৃষিপণ্য তুলে ধরেন। এ সময় জুমে উৎপাদিত শতাধিক ধরনের শস্যের বীজ প্রদর্শন করা হয়।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ খুব বেশি দায়ী না হলেও এর ক্ষতি সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে কৃষকদের। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে হঠাৎ বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে জুমের জমি নষ্ট হচ্ছে। এতে পাহাড়ের মানুষের খাবার ও আয়ের সংকট বাড়ছে।
তিনি বলেন, জুম চাষকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পুনর্বাসনের পাশাপাশি বিনামূল্যে ভালো মানের বীজ ও কৃষি উপকরণ দিতে হবে। জলবায়ু তহবিল থেকে পাহাড়ি কৃষকদের জন্য আলাদা টাকা বরাদ্দ এবং ক্ষতিগ্রস্ত নারী ও দরিদ্র কৃষকদের সরাসরি সহায়তা দিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, কাপতলা পাড়ার কৃষক প্রভাংশু ত্রিপুরা এবং কুমারধন পাড়ার নারী কার্বারি মেদিনি বালা ত্রিপুরা।
সভাপতির বক্তব্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় কৃষকদের মতামত ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। ঋণ বা কার্বন বাজারের নামে পাহাড় ও সমতলের কৃষকদের জমি, পানি ও বনের ওপর দীর্ঘদিনের অধিকার কেড়ে নেওয়া যাবে না।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যও ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি সহায়তা এবং পাহাড়ি অঞ্চলের জন্য জলবায়ু তহবিল থেকে আলাদা টাকা বরাদ্দের দাবি জানান।
জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), ক্লিন, প্রাণ, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) এবং বিডব্লিউজিইডি যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করে।
